আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতকে উড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

ভারতকে উড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

ম্যাচের শুরুতে বল হাতে দাপুটে ছিল ভারতের বোলাররা। দিনের সূর্য তো আর সারাদিনের ভবিষ্যত বলে দেয় না। ওই দাপট আর থাকেনি পুরো ম্যাচে। বোলারদের দাপট কমেছে ডেওয়াল্ড ব্রেভিস আর ডেভিড মিলারের ব্যাটে। তাতে ৭ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে, শিভম দুবের লড়াকু ৪২ রানের পরও ৭ বল আগে মাত্র ১১১ রানে থামে ভারতের ইনিংস। স্বাগতিকরা ৭৬ রানে হারে ম্যাচে। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই ধরাশায়ী হয়ে স্বাগতিকদের ফিরতে হয়েছে ড্রেসিংরুমে।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ১৮৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫৭ রানে ৫ উইকেট। ম্যাচের প্রথমাংশেই বিপর্যস্ত হওয়া ভারত আর ঘুরে দাঁড়াতে পারেনি। অবশ্য প্রথম ১০ ওভারে ৫ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর ভাবনাটাই অলীক। শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে একপ্রান্ত আগলে দলকে যথাসম্ভব টানার চেষ্টা করেছেন শিভম দুবে। ৩৭ বলে করেন ৪২ রান।

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার ছায়া বন্দি ছিলেন মিডল অর্ডার ব্যাটাররাও। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করে আসেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে। এছাড়া ওপেনার অভিষেক শর্মা ১৫ ও ওয়াশিংটন সুন্দর করেন ১১ রান। তাতে ভারতের ইনিংসে রান ছাড়ায় ১০০’র কোটা। তাদের ইনিংস থামে ১১১ রানে। ভারতকে এভাবে ডুবিয়ে দেওয়ার নায়ক মার্কো ইয়ানসেন। ২২ রানে নেন ৪ উইকেট। এছাড়া কেশব মহারাজ ২৪ রানে নেন ৩ উইকেট।

এর আগে ২০ রানে ৩ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে টেনে তোলেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ৫১ বলে ৯৭ রান। তাতে ১৮৭ রানের বড় সংগ্রহের ভিত পায় দক্ষিণ আফ্রিকা। ব্রেভিস ২৯ বলে ৪৫ ও মিলার ৩৫ বলে ৬৫ রান। এছাড়া ট্রিস্টিয়ান স্টাবস ২৪ বলে করেন ৪৪ রান। ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ১৫ রানে নেন তিন উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ১৮৭/৭, ২০ ওভার (মিলার ৬৫, ব্রেভিস ৪৫, বুমরাহ ৩/১৫)।

ভারত: ১১১/১০, ১৮.৫ ওভার (দুবে ৪২, হার্দিক ১৮, ইয়ানসেন ৪/২২)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৭৬ রানে জয়ী।

ম্যাচসেরা: ডেভিড মিলার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন