রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আগামীকাল মঙ্গলবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচন আয়োজনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবেন। আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রথা অনুযায়ী স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য ইতোমধ্যে সংসদ সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই স্বীয় পদ থেকে পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে পদটি পূরণ করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার (২) ও (৩) উপধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সরকারি গেজেটে প্রজ্ঞাপন আকারে ঘোষণা করতে হবে। এ লক্ষ্যে স্পিকারের সঙ্গে আলোচনা শেষে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এ কারণে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে স্পিকারের সুবিধাজনক তারিখ ও সময়ে সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংসদ সচিবকে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সাক্ষাতের সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম সহযোগী কর্মকর্তা হিসেবে স্পিকারের দপ্তরে অবস্থান করবেন।

উল্লেখ্য, দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন