দেশের চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ। এছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়। একইসঙ্গে এসব পদে থাকা ব্যক্তিদের অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. খালেদ উজ্জামান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক।
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাবীবুর রহমান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক।
গাজীপুরে অবস্থিত বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ’-এর (সাবেক ডিজিটাল বিশ্ববিদ্যালয়) নতুন উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোক্তার আলী।
উপাচার্যদের মেয়াদ হবে চার বছর। অবশ্য আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেনকে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবদুস সোবহানকে নিয়োগ দেয়া হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে। একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেনকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিয়োগ দেয়া হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারকে উপ-উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম আকন্দকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ট্রোজারার পদে নিয়োগ দেয়া হয়েছে।
ঢাবি অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনকে নিয়োগ দেয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলীকে বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার নিয়োগ দেয়া হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ভিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডীন (অবসরপ্রাপ্ত) ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর ড. মো. আখতার হোসেন খানকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


