সৈয়দ আব্দুল হাদীকে রাষ্ট্রীয় সম্মাননা

‘আসুন দেশটার জন্য সবাই মিলে কিছু করি’

বিনোদন রিপোর্টার

‘আসুন দেশটার জন্য সবাই মিলে কিছু করি’

বাংলাদেশের আধুনিক গানের যে স্বর্ণযুগ আমরা পার করে এসেছি, তাকে সংজ্ঞায়িত করতে গেলে একজন সৈয়দ আব্দুল হাদীর নাম অবধারিতভাবে উচ্চারিত হয়। সেই বাংলাদেশের গানের গর্ব এবং জীবন্ত কিংবদন্তী এই সঙ্গীতশিল্পীকে নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গত ১২ জুন সন্ধ্যা সাতটা থেকে রাত প্রায় দশটা পর্যন্ত টানা তিন ঘণ্টা ‘কালজয়ী কণ্ঠ: শ্রদ্ধা ও ভালোবাসার সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামের এক বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেষ রেজাউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

শেখ এহসানুর রহমানের উপস্থাপনায়, শুরুতেই শিল্পীর জীবন, কর্ম ও অবদানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর সৈয়দ আব্দুল হাদীর হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রীয় সম্মাননা স্মারক তুলে দেন। এরপর এই প্রজন্মের রাশেদ, অপু আমান, আতিক, নোলক, রাফি, স্বরলিপি, রাকা পপি, অনন্যা, স্মরণ, পুষ্পিতাসহ আরো বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর গাওয়া গান পরিবেশন করেন।

সমবেত সঙ্গীত ‘আছেন আমার মোক্তার’ শ্রোতারা দারুণভাবে উপভোগ করেছেন। সব শেষ পরিবেশনা ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি’ গানটি এই প্রজন্মের শিল্পীদের সঙ্গে সৈয়দ আব্দুল হাদী’সহ লিনু বিল্লাহ, আবিদা সুলতানা, ফেরদৌস আরা, রুমানা ইসলাম গেয়ে মুগ্ধ করেন সবাইকে।

পুরো আয়োজন প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘আমি সকলের প্রশংসায় আকুণ্ঠ নিমজ্জিত হয়েছি। আজকের এই মনোমুগ্ধকর আয়োজনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমিকে। আমি সবার প্রতি অনুরোধ জানাই আমরা যেন আমাদের ভারে দেশটাকে ভারাক্রান্ত না করে ফেলি। সবাইকে উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই-আসুন আমরা সবাই দেশটাকে নিয়ে গভীরভাবে চিন্তা করি, দেশটাকে ভালোবাসি, দেশটার জন্য সবাই মিলে কিছু করি। কারণ আমার দেশের মতো সবদিক মিলিয়ে এত সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও নেই।’

অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন তবলায় চন্দন দত্ত, পল্লব স্যানাল, কী বোর্ডে পার্থ প্রতীতম বাপ্পী, কাইয়ূম, গিটারে টুটুল, সামু, রিচার্ড কিশোর, বাঁশিতে মনিরুজ্জামান, মামুন, বেহালায় সুনীল ও বাদশা, ড্রামসে পুলক, অক্টোপ্যাডে সাকিব, পারকেশনে উজ্জ্বল ও স্যাক্সোফোনে আব্দুর রব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...