একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর, গুণী অভিনেত্রী ও আবৃত্তি শিল্পী মুনিরা বেগম মেমী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম এবারই প্রথম একসঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করছেন। ধারাবাহিকের নাম ‘চাওয়া পাওয়া’।
আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ এই ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল। নাটকটি নির্মাণ করছেন গুণী নির্মাতা রাকেশ বসু।
তিনি জানান, আপাতত এই ধারাবাহিক নাটকটির শুটিংয়ের কাজ চলছে। শুটিং শেষে সম্পাদনার কাজ শেষ হলেই এনটিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হবে। নাটকটিতে মেমীর শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর।
ডলি জহুর বলেন, ‘চাওয়া পাওয়া ধারাবাহিক নাটকটির গল্পটা সুন্দর। রাকেশ বেশ যত্ন নিয়ে নাটক নির্মাণ করে। আর এখনতো আসলে ভালো গল্প নিয়ে নাটক নির্মাণ কমই হয়। কিন্তু রাকেশ-এর গল্প নির্বাচন সব সময়ই খুব ভালো। তার প্রতিটি নাটকেই একটি ম্যাসেজ থাকে। চাওয়া পাওয়া-পারিবারিক গল্পের নাটক। সবাই মিলে বেশ আনন্দ নিয়ে কাজটি করছি আমরা। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’
মুনিরা বেগম মেমী বলেন, ‘চাওয়া পাওয়া আমাদের জীবনেরই গল্পের নাটক। ডলি আপার সঙ্গে বহুদিন পর কোনো ধারাবাহিক নাটকে কাজ করছি। সঙ্গে মম, দিনারসহ আরো অনেকেই আছেন এই ধারাবাহিকে। যে কারণে কাজটি করতেও বেশ ভালো লাগছে। আর রাকেশ বসু সত্যিই ভীষণ পরিপাটি পরিচ্ছন্ন এবং মেধাবী একজন পরিচালক। যে কারণে তার নির্দেশনায় কাজ করে ভীষণ ভালো লাগছে। রাকেশ টু দ্য পয়েন্ট-এ কাজ করে। আমি তার কাজে মুগ্ধ।’
ডলি জহুর এখন সিনেমাতে কাজ করার চেয়ে টিভি নাটকেই কাজ করে বেশি ব্যস্ত সময় পার করেছেন। অন্যদিকে মুনিরা বেগম মেমী আগের মতো অনেক বেশি কাজ না করলেও ভালো লাগার গল্পতেই তিনি অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

