রাবিপ্রবির নতুন উপ-উপাচার্য চবির অধ্যাপক শফিকুল


রাবিপ্রবির নতুন উপ-উপাচার্য চবির অধ্যাপক শফিকুল
ছবি: আমার দেশ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব শাহ আলম সিরাজের সই করা এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী চার বছর এ পদে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১'-এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চ্যান্সেলরের আদেশে পাঁচ শর্তে প্রো-ভিসি পদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্তাবলিতে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে অবসর গ্রহণের বয়সিআগে এলে সেই সময় পর্যন্তই তা কার্যকর থাকবে; তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন; বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে; তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নিজের অনুভূতি প্রকাশ করে রাবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, নতুন দায়িত্ব পাওয়া সত্যিই আনন্দের। প্রতিটি দায়িত্বের ভার মানুষকে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করায়। আমি সব সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। আমি আশা করি, সংশ্লিষ্ট সবার সহযোগিতার মাধ্যমে আমি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারব।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন