ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘকে আলবানিজের আহ্বান

ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘকে আলবানিজের আহ্বান
ছবি: সংগৃহীত

ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, যে ভূখণ্ড ‘অবৈধভাবে দখল’ করে রাখা হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা নিশ্চিত করার বৈধতা নেই ইসরাইলের । অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন এবং সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ও গ্রেপ্তার প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

এ সময় এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানান তিনি । আলবানিজ বলেন, শান্তির প্রতি হুমকির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদের নজরে আনতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উচিত জাতিসংঘ সনদের ৯৯ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করা।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা। তার মতে, কোনো সদস্য রাষ্ট্রের ভেটোর কারণে তা সম্ভব না হলে জাতিসংঘের সাধারণ পরিষদের ‘ইউনাইটিং ফর পিস’ প্রস্তাব গ্রহণ করা উচিত।

ইসরাইলকে বর্ণবাদী রাষ্ট্রব্যবস্থা হিসেবে উল্লেখ করে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য ও অস্ত্র সরবরাহ বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন