আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সম্পদ বিবরণী প্রকাশ

১৫ কোটি ৬২ লাখ টাকার সম্পদের মালিক ড. ইউনূস

বিশেষ প্রতিনিধি

১৫ কোটি ৬২ লাখ টাকার সম্পদের মালিক ড. ইউনূস

এক বছরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে এক কোটি ৬১ লাখ চার হাজার টাকা। ২০২৪ সালের ৩০ জুন তার পরিসম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি এক লাখ ৩৯ হাজার টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার টাকা। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে তার সম্পদ বেড়েছে। অপরদিকে প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদ কমেছে ৮৪ লাখ ১৪ হাজার টাকা। তার আগের অর্থবছরের ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার টাকা সম্পদ কমে দাঁড়িয়েছে এক কোটি ২৭ লাখ ৬৩ হাজার টাকায়।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের দেওয়া সম্পদের বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিবরণী প্রকাশ করে। একজন করদাতার মালিকানাধীন স্থাবর-অস্থাবর, আর্থিক ও মূলধনী সম্পত্তির সমষ্টি হচ্ছে পরিসম্পদ।

বিজ্ঞাপন

ড. ইউনূসের সম্পদের বিবরণের তথ্য অনুযায়ী, তার আর্থিক সম্পদের পরিমাণ ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার টাকা। এক বছর আগে এই অর্থের পরিমাণ ছিল ১৩ কোটি ১৮ লাখ ৭১ হাজার টাকা। তার নন–ফিন্যান্সিয়াল সম্পদ আছে ২১ লাখ ছয় হাজার ২৫০ টাকার। এক বছর আগে ছিল ২০ লাখ ৯২ হাজার টাকা। প্রধান উপদেষ্টার দেশের বাইরে সম্পদ আছে ৬৪ লাখ ৭৩ হাজার টাকার। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৬১ লাখ ৭৫ হাজার টাকা।

প্রধান উপদেষ্টার স্ত্রীর সম্পদ বিবরণীর তথ্য অনুযায়ী, তার আর্থিক সম্পদ আছে চার লাখ ৫২ হাজার টাকা। এক বছর আগে এর পরিমাণ ছিল ৯৫ লাখ ৪১ হাজার টাকা। তার নন–ফিন্যান্সিয়াল সম্পদের পরিমাণ এক কোটি ২৩ লাখ ১১ হাজার টাকা। এক বছর আগে এর পরিমাণ ছিল এক কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকা। তার বিদেশে কোনো সম্পদ নেই। অধ্যাপক ইউনূসের কোনো দায় না থাকলেও তার স্ত্রীর ১৬ লাখ ৯৬ হাজার টাকার দায় রয়েছে।

২০২৪ সালের ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থানের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেছিলেন, সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সরকারি সব কর্মকর্তার ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত তথ্যানুযায়ী, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিনের সম্পদ সাত কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭১৮ টাকা থেকে বেড়ে সাত কোটি ১৬ লাখ ১৫ হাজার ২৬ টাকা, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সম্পদ ১৫ কোটি ৯ লাখ থেকে বেড়ে ১৬ কোটি ২৩ লাখ, আইন উপদেষ্টা আসিফ নজরুলের সম্পদ এক কোটি ৪৮ লাখ থেকে বেড়ে এক কোটি ৬১ লাখ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দুই কোটি ৮৭ লাখ থেকে বেড়ে দুই কোটি ৯৩ লাখ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর দুই কোটি ৬২ লাখ থেকে বেড়ে দুই কোটি ৭৭ লাখ, স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খানের ৯৮ লাখ ২২ হাজার থেকে বেড়ে দুই কোটি ৫৩ লাখ, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের তিন কোটি ৩৩ লাখ থেকে বেড়ে তিন কোটি ৮৯ লাখ, শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সাত কোটি দুই লাখ থেকে বেড়ে সাত কোটি ৫৭ লাখ, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের ছয় কোটি ৪৭ লাখ থেকে বেড়ে ছয় কোটি ৭৩ লাখ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দুই কোটি ২৬ লাখ থেকে কমে এক কোটি ১৩ লাখ, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমের এক কোটি ৭৭ লাখ থেকে বেড়ে দুই কোটি দুই লাখ, নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের তিন কোটি ২৫ লাখ থেকে বেড়ে তিন কোটি ৫১ লাখ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ছয় কোটি ২১ লাখ থেকে বেড়ে ছয় কোটি ২৫ লাখ, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের চার কোটি ৪৭ লাখ থেকে বেড়ে পাঁচ কোটি ৬০ লাখ, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ৮১ লাখ থেকে বেড়ে এক কোটি দুই লাখ, মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের ১০ কোটি ৬৫ লাখ থেকে বেড়ে ১০ কোটি ৯৪ লাখ, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের ৮৮ লাখ ১৬ হাজার থেকে বেড়ে এক কোটি ১৪ লাখ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার এক কোটি ২৬ লাখ থেকে কমে এক কোটি ১০ লাখ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের ৯১ কোটি ১০ লাখ থেকে বেড়ে ৯১ কোটি ৬৫ লাখ, সংস্কতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর দুই কোটি ২৭ লাখ থেকে কমে দুই কোটি ১৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। উপদেষ্টাদের পাশাপাশি তাদের স্ত্রী-স্বামীদের সম্পদের বিবরণীও দেওয়া হয়েছে।

উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে আদিলুর রহমান খানের। তার এক কোটি ৫৫ লাখ টাকার সম্পদ বাড়ার কারণ হিসেবে উত্তরাধিকার সূত্রে পাওয়ার তথ্য দেওয়া হয়েছে। উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে সম্পদশালী আকিজ গ্রুপের অন্যতম কর্ণধার শেখ বশিরউদ্দীন। তার পরিসম্পদের পরিমাণ ৯১ কোটি ৬৫ লাখ টাকা।

এদিকে উপদেষ্টা রিজওয়ানা হাসানের সম্পদ কমলেও বেড়েছে তার স্বামী আবুবকর সিদ্দিকের। সর্বশেষ অর্থবছরে তার ৭৯ হাজার টাকার সম্পদ বৃদ্ধির পাশাপাশি এক কোটি ৭৪ হাজার টাকার ঋণ পরিশোধ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন