মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবি পার্টি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে ভাষা আন্দোলনের বীর শহীদদের। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলার অকুতোভয় সন্তানেরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের ভাষা—বাংলা; পেয়েছি আত্মমর্যাদা, অধিকারচেতনা ও স্বাধীনতার বীজ।
শুক্রবার রাতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না; এটি ছিল বাঙালির গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও সাম্যের ভিত্তি রচনার সূচনা। ১৯৫২-এর সেই চেতনা পরবর্তীতে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রগঠনের পথকে আলোকিত করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, ভাষা থেকে রাষ্ট্রসংস্কারের যে অনিবার্য সম্পর্ক, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। একটি রাষ্ট্র তখনই মানবিক ও ন্যায়ভিত্তিক হতে পারে, যখন তার নীতি, শিক্ষা, প্রশাসন ও প্রযুক্তির প্রতিটি স্তরে মানুষের ভাষা ও সংস্কৃতির মর্যাদা নিশ্চিত হয়। বাংলা ভাষার সঠিক চর্চা, সংরক্ষণ এবং বিশ্বময় বিস্তারের লক্ষ্যে আমাদের সম্মিলিত প্রয়াস জোরদার করতে হবে। একই সঙ্গে পৃথিবীর সব মাতৃভাষার প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।
এবি পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম আজ রাষ্ট্রসংস্কার, সুশাসন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবি পার্টি দেশবাসীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানায়। শহীদদের আত্মত্যাগ অমর হোক। বাংলা ভাষা বিশ্বময় বিকশিত হোক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

