রাজধানী ঢাকায় আগামী দুই দিনে ১৪টি নিবাচনি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশের মধ্যে আগামীকাল রোববার ঢাকা মহানগর উত্তরের ৬টি ও পরদিন নিজ নির্বাচনি (ঢাকা-১৭) এলাকাসহ মহানগর দক্ষিণের মোট আটটি জনসভায় অংশ নেবেন।
শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিভিন্ন নির্বাচনি আসনে জনসভার বিষয়ে অবহিত করছি।
মাহদী আমিন আরো বলেন, আগামীকাল রোববার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনে তার নিজ নির্বাচনি এলাকায় ইসিবি চত্বরে দুপুর ২টায়, ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনি এলাকায় পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রো স্টেশনের পাশে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনি এলাকায় মিরপুর-১০ নম্বর গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর সাড়ে ৩টায়, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনি এলাকায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়, যেটি মিরপুর মডেল থানার বিপরীতে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনি এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনি এলাকায় বাড্ডার সাঁতারকুলের সানভ্যালী মাঠে সন্ধ্যা ৬টায় বক্তব্য রাখবেন।
তিনি আরো বলেন, আগামী পরশু দিন সোমবার তারেক রহমান তার নিজের নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের ৭টিসহ মোট ৮টি নির্বাচনি জনসভায় যোগদান করবেন।
ঢাকা-১৭ আসনে তার নিজের নির্বাচনি এলাকায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে সকাল ১১টায়, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনি এলাকায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনি এলাকায় পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনি এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর এলাকায় নির্বাচনি জনসভায় যোগদান করবেন।
এ ছাড়া যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর ৩টায়, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনি এলাকায় জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের নির্বাচনি এলাকায় ধূপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনি এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় নির্বাচনি জনসভায় যোগদান করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

