আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি জনসভায় তারেক রহমান

আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন দেশ গড়তে হবে

স্টাফ রিপোর্টার, বগুড়া এবং সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রতিনিধি

আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন দেশ গড়তে হবে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন করে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন সবাই মিলে দেশ গড়তে হবে। আমাদের অনেক কাজ করতে হবে। সেই সঙ্গে আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে। তারা অনেক কষ্ট করেন।

উত্তরাঞ্চল সফরের শেষ দিন গতকাল শনিবার বিকালে সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্কে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, আমাদের সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াবে তারা গুপ্ত, গুপ্ত। তারা বিগত সরকারের সঙ্গে আঁতাত করে চলেছে। ১৭ বছর তাদের দেখা যায়নি। মিলেমিশে থেকেছে।

রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে এ সময় তারেক রহমান বলেন, ‘বিএনপি এমন রাজনৈতিক দল, যাদের দেশ পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে। দেশ কীভাবে পরিচালনা করতে হয়. তা বিএনপি জানে। আমরা দেশের মানুষকে ফেলে রেখে যাইনি। তাই কথা একটাইÑকরব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

গতকাল বেলা ৩টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বগুড়া থেকে সড়কপথে বিএনপি চেয়ারম্যান সিরাজগঞ্জ পৌঁছান সাড়ে ৩টায়। সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনার প্রার্থীদের দলের পক্ষ থেকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। সেই সঙ্গে তাদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পরে সিরাজগঞ্জ ও পাবনাসহ সারা দেশে নতুন নতুন শিল্পপার্ক স্থাপন করার মাধ্যমে বেকার সমস্যার সমাধান, এ অঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে তাঁত পুনরুজ্জীবন করে তাঁতশিল্পের পণ্যসামগ্রীর আন্তর্জাতিক বাজার সৃষ্টি এবং অঞ্চলটিতে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। এছাড়া দল বিজয়ী হলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে দেশে নারী ও কৃষকদের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এর আগে গতকাল বগুড়ার নাজ গার্ডেন হলরুমে জেলা বিএনপির আয়োজনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। বগুড়া বিএনপির ঘাঁটি। এ ঘাঁটির দায়িত্ব আপনাদের ওপর ছেড়ে দিলাম। এ ঘাঁটির জনগণকে আপনারা দেখে রাখবেন।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে বিএনপির সাবেক চেয়ারপারসন মরুহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

মতবিনিময় শেষে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন তারেক রহমান। পথে বনানী, বনানী বাইপাস ও শাজাহানপুর দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী ও সাধারণ জনগণ তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান।

তারেক রহমান শাজহানপুরের পথসভায় বাসের মধ্যে অবস্থান করে উপস্থিত জনতাকে সালাম ও কুশল বিনিময় করেন। তিনি বলেন, অনেক বছর পর এলাকায় এসেছি। এর আগে যখন এসেছিলাম তখন আপনাদের সঙ্গে কথা বলে খোঁজখবর নিতাম ও ঘুরে ঘুরে উন্নয়নমূলক কাজ দেখতাম। আজ এ পরিবেশে সেটা সম্ভব নয়।

এরপর দুপুর ২টার দিকে শেরপুরের ধুনট মোড়ে পথসভায় ভাষণ দেন তিনি। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ধুনট মোড় ও আশপাশ এলাকায় হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নামে। মহাসড়কের দুপাশে নারী-পুরুষ নির্বিশেষে দীর্ঘসময় অপেক্ষা করতে থাকেন। উপজেলার কলেজ রোড থেকে শেরুয়া বটতলা ও চান্দাইকোনা বগুড়া বাজার পর্যন্ত পুরো যাত্রাপথে ধানের শীষের সমর্থক ও সাধারণ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানান। গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন তারেক রহমান।

‘কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে’

সিরাজগঞ্জের নির্বাচনি কর্মসূচি শেষে যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাসসংলগ্ন খোলা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তাদের বিভিন্ন লোকজন গিয়ে বিশেষ করে যারা মা-বোন আছেন, তাদের গিয়ে বিভিন্নভাবে এনআইডি নম্বর নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নম্বর নেওয়ার চেষ্টা করছে। এভাবে করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা ঘরে গিয়ে সবাই সতর্ক করবেনÑযারা ভোটের আগে এসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় দেশকে বিক্রি করে দেবে।

টাঙ্গাইলকে ঐতিহ্যবাহী অঞ্চল উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এ টাঙ্গাইলের শাড়ি আছে। বিভিন্ন রঙ ও ডিজাইনের শাড়ি আছে। এ শাড়িকে আমরা যদি চেষ্টা করি, পরিকল্পিতভাবে উদ্যোগ গ্রহণ করি, তাহলে বাংলাদেশের গার্মেন্টসের জামা-কাপড় যে রকম বিদেশে পাওয়া যায়, এ শাড়িকেও আমরা একইভাবে বিদেশে রপ্তানি করতে পারব।

জেলা সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সাবুর সঞ্চালনায় সমাবেশে টাঙ্গাইলের আটটি আসনের প্রার্থীরা বক্তব্য দেন। সমাবেশে টাঙ্গাইলের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে ধানের শীষ তুলে দেন তারেক রহমান। পরে তাদের ভোট দিয়ে বিজয়ী করতে টাঙ্গাইলবাসীকে আহ্বান জানান তিনি। টাঙ্গাইলে যমুনা নদীতে ব্যারেজ নির্মাণ, এ অঞ্চলে মিলকারখানা স্থাপন, আনারসকে প্রক্রিয়াজাত করে জুস তৈরির জন্য কারখানা প্রতিষ্ঠা, পাটশিল্প প্রভৃতি ক্ষেত্রে পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন