আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিইসির সঙ্গে বৈঠক শেষে একাধিক অনিয়মের অভিযোগ

ভোটারদের টাকা, নারীদের বিশেষ পোশাক, অবৈধ ব্যালট—ইসির নিষ্ক্রিয়তায় বিএনপির উদ্বেগ

স্টাফ রিপোর্টার

ভোটারদের টাকা, নারীদের বিশেষ পোশাক, অবৈধ ব্যালট—ইসির নিষ্ক্রিয়তায় বিএনপির উদ্বেগ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের একদিন আগে ভোটারদের অর্থ বিতরণ, নারীদের জন্য বিশেষ পোশাক প্রস্তুত এবং অবৈধ ব্যালট পেপার ছাপার মতো গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে বিএনপি। অভিযোগ সত্ত্বেও নির্বাচন কমিশন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি করেছে দলটি।

মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক ইসি সচিব ড. মোহাম্মদ জাকারিয়াসহ দলের শীর্ষ নেতারা। নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান বলেন, ভোটারদের টাকা দেওয়া, লাখ লাখ নারীর জন্য বিশেষ পোশাক প্রস্তুত এবং ব্যালট পেপার অবৈধভাবে ছাপার অভিযোগ গণমাধ্যমে এসেছে, এমনকি কিছু ঘটনায় জড়িতদের ধরাও হয়েছে। তবুও নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। তিনি প্রশ্ন তোলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচন কমিশনের অধীনে থাকা সত্ত্বেও কেন এসব অনিয়ম আগেভাগে শনাক্ত হচ্ছে না। তিনি আরও বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন, যা জনমনে অসন্তোষ সৃষ্টি করছে। নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে জেলা প্রশাসকসহ কিছু কর্মকর্তার রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠে আসছে। বিষয়টি গুজব হতে পারে উল্লেখ করে তিনি বলেন, তবুও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং পক্ষপাতের প্রমাণ মিললে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

নির্বাচন নিয়ে আশাবাদ প্রকাশ করে নজরুল ইসলাম খান বলেন, বর্তমানে এমন কোনো পরিস্থিতি নেই যা ভোট গ্রহণকে বাধাগ্রস্ত করতে পারে। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চায়। ব্যালট বাক্স পরিবহন প্রসঙ্গে তিনি জানান, দুর্গম এলাকায় নিরাপত্তার কারণে আগের রাতে ব্যালট পাঠানো হচ্ছে, তবে বাক্স স্বচ্ছ থাকবে এবং একাধিক লকের মাধ্যমে সুরক্ষিত রাখা হবে। গণনার সময় এজেন্টদের উপস্থিতিতেই বাক্স খোলা হবে বলে জানান তিনি। জঙ্গি হামলার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তা ইস্যুকে রাজনৈতিকভাবে বড় করে না দেখে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ জোরদার করা জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন