আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইফতার মাহফিলে মাওলানা আব্দুল হালিম

তাকওয়ার যথাযথ চর্চায় সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব

স্টাফ রিপোর্টার

তাকওয়ার যথাযথ চর্চায় সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, মাহে রমজান তাকওয়া অর্জনের মোক্ষম সময়। যথাযথ মর্যাদার সঙ্গে সিয়াম সাধনার মাধ্যমে একজন মুমিনের পূর্ণাঙ্গ মুত্তাকি হওয়া সম্ভব। তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সহ মানব জীবনের সব ক্ষেত্রে তাকওয়ার যথাযথ চর্চার মাধ্যমে সমাজ থেকে অপরাধ, অন্যায় ও জুলুম দূর করা সম্ভব।

শনিবার রাজধানীর সেন্ট্রাল পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের উদ্যোগে ‘সিয়াম ও রমাদান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুল আমিন এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ওলামা বিভাগের সেক্রেটারি জেনারেল ড. মুফতি খলিলুর রহমান মাদানী।

তিনি তার বক্তব্যে সুন্দর সমাজ বিনির্মাণে মুফাসসিরদেরদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন এবং যে কোনো সামাজিক সংকট দূরীকরণে মুফাসসিরদের অগ্রণী ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ শাইখুল হাদিস মাওলানা যাইনুল আবেদীন, নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি, হাফেজ মাওলানা মুনতাকিম এমপি, মুফতি আমির হামজা এমপি, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, ড. মাওলানা হাবিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, ড. আ ন ম রশিদ আহমাদ মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল মোমেন নাসেরী (পীর সাহেব মিরেরসরাই), সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন আহমাদ, মুহাদ্দিস মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মাও এ এইচ এম আবুল কালাম আযাদ, ড. মুফতি জাকারিয়া নুর, মাওলানা আব্দুল কাহহার নেসারী, মুফতি মাসুম বিল্লাহ মাদানী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন