বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুরে যাবেন। সেখানে নির্বাচনি জনসভা শেষে নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন। প্রায় দুই দশক পর তারেক রহমানের এই সফরকে কেন্দ্র নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দীর্ঘ ২৩ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকায় জনসভা করবেন। এজন্য প্রস্তুত হচ্ছে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ। বিএনপির এই নির্বাচনি জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমান ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার পর সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন। প্রায় দুই যুগ পর তারেক রহমানকে সরাসরি দেখতে পাওয়ার আশায় উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা। এলাকাবাসী মনে করেন, ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন গুরত্বপূর্ণ ।
পুলিশ জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি সফরে এখানে আসছেন। প্রয়োজনীয় নিরাপত্তার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পর নীলফামারীতে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান। এরপর যাবেন দিনাজপুরের বিরামপুরে। যেখানে জড়িয়ে আছে তার মায়ের স্মৃতি। প্রায় ২০ বছর পর তারেক রহমানকে কাছে পাওয়ার জন্য সেখানকার নেতাকর্মীরা উচ্ছ্বসিত।
স্থানীয়রা বলেন, তারেক রহমানের নানার বাড়ি এখানে। এলাকার উন্নয়ন নিয়ে আমরা আশাবাদী। গত ১৫ বছর এই এলাকা ছিল অবহেলিত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, জিয়া পরিবার ও তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা, তা আগামী ৭ ফেব্রুয়ারির জনসভায় উপস্থিতি দিয়ে প্রমাণ দেবে জনগণ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

