সাময়িক বহিষ্কারের পর এবার এক বছরের জন্য নিষিদ্ধ হলেন জাতীয় নারী শুটার কামরুন নাহার কলি। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্পোর্ট শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানমের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে ফেডারেশন থেকে কলিকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছিল। এই শুটার নিজের অবস্থান ব্যাখ্যা করে জবাব দিলেও ফেডারেশনের কাছে গ্রহণযোগ্য হয়নি। অন্যদিকে একই দিন সাময়িক বহিষ্কার ও কারণ দর্শনানোর চিঠি পেয়েছেন জাতীয় শুটার পিয়াস হোসেন।
শুটিং ফেডারেশনের বহিষ্কৃত যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে যৌন হয়রানি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছিলেন কলি। তার এই অভিযোগের ভিত্তিতে তদন্তে সত্যতা প্রমাণ পাওয়ায় সাজ্জাদকে শুটিং ফেডারেশনের কমিটি থেকে অব্যাহতি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এক বছরের নিষেধাজ্ঞার চিঠি পাওয়ার পর শুটার কলি আমার দেশকে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সাজ্জাদের বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট এসেছে, সেখানে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ কারণেই তারা ক্ষোভের বশবর্তী হয়ে আমাকে নিষিদ্ধ করেছে।’
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তি পাওয়া খেলোয়াড় কলি। এমন একজন শুটারকে এক বছর নিষিদ্ধ করাটা শঙ্কিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। শুটিং সংশ্লিষ্টদের মতে, কলির নিয়োগদাতা প্রতিষ্ঠান নৌবাহিনী যদি একটি নিরপেক্ষ তদন্ত চালায় তাহলে আসল ঘটনা বেরিয়ে আসবে। সেখানে দেখা যাবে যে, আসলে কলি না ফেডারেশন অপরাধী।
এদিকে, জাতীয় পর্যায়ে স্বর্ণ পদকপ্রাপ্ত ও আন্তর্জাতিক শুটার পিয়াস শাস্তি পাওয়া প্রসঙ্গে আমার দেশকে বলেন, ‘মূলত কলির পাশে দাঁড়ানোয় আমাকে তারা আমাকে বহিষ্কার করেছে। সাজ্জাদ ভাইয়ের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির প্রমাণ মিলেছে। এসব বিষয়ে আমি কলির কিছু পোস্টে কমেন্টস করেছিলাম। তাই আমাকে ফেডারেশন থেকে এমন শাস্তি দিয়েছে।’
শুটিং ফেডারেশন পিয়াসের বহিষ্কারাদেশের চিঠিতে শৃঙ্খলা ভঙ্গের কারণ উল্লেখ করেছে। তবে ক্যাম্পেই ছিলেন না পিয়াস। তা ছাড়া কলির সঙ্গে ফেডারেশন কর্তাদের মধ্যে যেসব ঘটনা ঘটেছে, সেখানে সশরীরে হাজির ছিলেন না এই শুটার। তাহলে কীভাবে শৃঙ্খলা ভঙ্গ করলেন পিয়াস—এ নিয়ে প্রশ্ন উঠছে। এসব ব্যাপারে জানার জন্য শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানমের সঙ্গে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

