আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সালমানের কড়া সমালোচনায় আমির

স্পোর্টস ডেস্ক

সালমানের কড়া সমালোচনায় আমির

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। তবে ম্যাচের জয় পরাজয় ছাপিয়ে আলোচনার খোরাক হয়ে আছে সালমান আলী আগার রান আউট। সেই আউটকে কেন্দ্র করে আলোচনায় এবার যোগ দিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। বাচ্চাসুলভ ভুল করায় সালমানকে ধুয়ে দিয়েছেন সাবেক পাকিস্তানি গতি তারকা।

ঘটনার সূত্রপাত পাকিস্তানের ইনিংসের ৩৯ ওভারে। মেহেদি হাসান মিরাজের করা চতুর্থ বলটা ছিল লেন্থ ডেলিভারি। বড় শট খেলার বদলে ডিফেন্ড করেন মোহাম্মদ রিজওয়ান। বলটা সরাসরি আসছিল বোলার মিরাজের দিকে। পপিং ক্রিজের বাইরে থাকা নন স্ট্রাইক প্রান্তে থাকা সালমান আগা ব্যাট দিয়ে থামিয়ে বল হাতে নেওয়ার চেষ্টা করেন। তখন পর্যন্ত আম্পায়াররা কেউ বলটিকে ডেড ঘোষণা করেননি। ফলে মেহেদি হাসান মিরাজ বল হাতে নিয়ে সালমানকে করেন রান আউট।

বিজ্ঞাপন

রান আউটের আবেদনের সঙ্গে মাঠেই মেজাজ হারিয়ে বসেন সালমান আগা। তিনি আগ থেকেই স্পষ্ট বুঝতে পেরেছিলেন আউট হতে যাচ্ছেন। নিজের ব্যাট, গ্লাভস ও হেলমেট ছুড়ে ফেলে দেন মাঠে। তবে নিয়মের মধ্যে থাকায় অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ নেন থার্ড আম্পায়ার কুমার ধর্মসেনার সাহায্য। সেখানে স্পষ্ট দেখা যায়, ক্রিজের বাইরে ছিলেন সালমান আগা। ফলে তিনি আউট ঘোষণা করেন। জায়ান্ট স্ক্রিনে আউট ভেসে ওঠার পর মাঠ ছাড়ার সময় মিরাজের উদ্দেশে মেজাজ হারিয়ে কিছু একটা বলতে দেখা যায় তাকে।

এই ঘটনা নিয়ে আমির মত; পুরো ভুলটাই ছিল সালমান আগার, মেহেদি হাসানের নয়। কারণ নিয়মের ভেতরে থেকে যেকোনো উপায়ে তাকে আউট করাই ছিল মেহেদির দায়িত্ব। আমির বলেন, ‘সালমান আগা কি শিশু নাকি রাস্তার ক্রিকেট খেলছে যে সে বুঝতে পারছে না সে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলছে? তার কাজ ছিল ব্যাটিং বা ফিল্ডিংয়ে মনোযোগ দেওয়া। মেহেদি হাসান মিরাজ কোনো নিয়ম ভাঙেননি এবং সঠিক কাজই করেছেন। এটা ক্রিকেট; মাঠে বন্ধুত্ব চলে না।’ আমির নিজের উদাহরণ টেনে আরো বলেন, ‘আমার বিরাট কোহলির সঙ্গে খুব ভালো বন্ধুত্ব আছে এবং এখনো মাঝে মাঝে আমাদের মধ্যে বার্তা আদান-প্রদান হয়। কিন্তু মাঠে না সে আমাকে ছাড় দিয়েছে, না আমি তাকে ছাড় দিয়েছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...