দেখতে দেখতে কেটে যাচ্ছে ৩২ বছর। অবশেষে যুক্তরাষ্ট্রে ফিরতে যাচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। আর ৪৪ বছর পর লস অ্যাঞ্জেলেসে বসতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এ ক্রীড়া মহাযজ্ঞ। তবে খারাপ খবর আছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের জন্য। ঘরের মাটিতে হতে যাওয়া বৈশ্বিক এই ইভেন্টে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কারণ যুক্তরাষ্ট্র তাদের জন্য নির্ধারিত চাঁদা দেয়নি ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সিকে (ওয়াডা)। চাঁদা পরিশোধ না করায় ট্রাম্পসহ মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগামী অলিম্পিক ও বিশ্বকাপের মতো মেজর ইভেন্টে নিষিদ্ধ করতে পারে ওয়াডা। এ নিয়ে অবশ্য চিন্তাভাবনা শুরু করেছে সংস্থাটি। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ২০২৩ ও ২০২৪ সাল মিলিয়ে যুক্তরাষ্ট্রের বকেয়া চাঁদার পরিমাণ ৭৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯০ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার ডোপ কেলেঙ্কারি ও সম্প্রতি চীনের ২৩ জন সাঁতারুর পজিটিভ ডোপ টেস্টের ফল ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে ওয়াডা। প্রতিবাদে চাঁদা দিচ্ছে না মার্কিন প্রশাসন। ওয়াডার নিয়ম বলছে, চাঁদা বকেয়া থাকলে কোনো দেশ কমিটিতে থাকতে পারবে না। এ কারণে ২০২৫ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের পদটি শূন্য বা স্থগিত হয়ে গেছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে একটি আইন পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল ওয়াডা। কিন্তু শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।
ওয়াডার বর্তমানে নির্বাহী কমিটিতে যুক্তরাষ্ট্র না থাকায় এই নীতিমালা সংশোধন করা এখন অনেক সহজ হয়ে গেছে। মঙ্গলবার কার্যনির্বাহী কমিটির বৈঠকে নিয়মটি পাসের জন্য ফের তুলতে যাচ্ছে সংস্থাটি। এই সংশোধনী পাস হয়ে গেলে ২০২৮ সালে অলিম্পিক গেমসের হোম আসরে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রাষ্ট্রীয়ভাবে ইভেন্টটিতে অতিথি হতে পারবেন না। এমনকি ২০২৬ ফুটবল বিশ্বকাপেও এই নিয়ম কার্যকর হতে পারে।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, এই নিয়মটি অতীতের কোনো ইভেন্টে প্রযোজ্য নয়। তবে নথিপত্র বলছে, নিয়মটি পাস হলে তা অবিলম্বে কার্যকর করবে ওয়াডা। কিন্তু আইওসি বা ফিফা এ নিয়ে এখনো মন্তব্য করেনি।
ওয়াডার মুখপাত্র জেমস ফিটজেরাল্ড বলেছেন, এটি কোনো নতুন খবর নয়। সুনির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে এই নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল পলিসি পরিচালক সারা কার্টা পাল্টা হুঁশিয়ার করে জানিয়েছেন, ওয়াডার হুমকি দিলেও তাতে নতি স্বীকার করবে না যুক্তরাষ্ট্র।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

