যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। রোববার সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী আরো বলেন, যুবশক্তি ধ্বংস হয়ে গেলে জাতি হিসেবে আমরা দুর্বল হয়ে পড়ব। যুবসমাজের একটি বড় অংশ ইতোমধ্যে মাদকাসক্ত হয়ে পড়েছে। ক্যাসিনো, অনলাইন বেটিং, জুয়া ও মাদকাসক্তি বর্তমান তরুণদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান এবং স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম শিকদার।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সনদের পাশাপাশি নিবন্ধিত যুব সংগঠনের অনুকূলে যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে দুজনকে ২ লাখ টাকা করে এবং পাঁচজনকে ৩০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

