আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বাফুফের বৈঠক

বেতনভুক্ত হবেন হামজা চৌধুরীরা

স্পোর্টস রিপোর্টার

বেতনভুক্ত হবেন হামজা চৌধুরীরা

আগের দিন দেশের ৫১টি ক্রীড়া ফেডারেশন ও সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে মতবিনিময় করেছে তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। এ সময় জাতীয় দলের সাবেক তারকা গোলরক্ষক আমিনুলকে তার প্রিয় এক নাম্বার স্মারক জার্সি উপহার দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। নিজে দীর্ঘদিন ফুটবল খেলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল।

বিজ্ঞাপন

তাই ফুটবলারদের দৈন্যদশা ও সীমাবদ্ধতার কথা তার ভালো জানা। বাফুফের সঙ্গে মতবিনিময়ের পর আমিনুল হক বলেছেন, জাতীয় দলের হয়ে খেলা দেওয়ান হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়াদেরও বেতন কাঠামোর আওতায় আনা হবে। পাশাপাশি ফুটবলারদের দীর্ঘদিনের আবাসন ও অবকাঠামো সংকট নিরসনের লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ স্টেডিয়াম বাফুফের হাতে হস্তান্তর করবে সরকার। বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আমিনুল ঘোষণা দেন, জাতীয় দলে খেলা সব খেলোয়াড়ের বেতনের আওতায় আনবেন। আজ বাফুফের সঙ্গে বৈঠকেও বিষয়টি তুলে ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘মেয়েদের ফুটবলাররা যেভাবে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাদের উৎসাহিত করার পাশাপাশি পুরুষ ফুটবলারদেরও প্রণোদনার আওতায় আনা হবে। পুরুষ ও নারী উভয় দলের ফুটবলারদের মাসিক ভিত্তিতে সরকারি চুক্তির আওতায় এনে একটি স্থায়ী বেতন কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।’

অন্যদিকে, বাফুফেকে মাঠ দেওয়ার প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘ফিফার অনুদানের আওতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন কয়েকটি মাঠ ব্যবহারের জন্য সরকারের কাছে আবেদন করেছে। বিষয়টি নিয়ে আলোচনা শেষে তিনটি মাঠ আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমলাপুর স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম ও চট্টগ্রাম স্টেডিয়াম—এই তিনটি ভেন্যুই চুক্তির ভিত্তিতে বাফুফের কাছে বরাদ্দ দেওয়া হবে। খুব শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

অন্যদিকে বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টের জন্য একটি ক্যালেন্ডার তৈরি করা হবে বলে জানিয়েছেন আমিনুল হক। তিনি বলেন, ‘আমাদের বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট চালিয়ে নিতে ইতোমধ্যে ফুটবল ফেডারেশনের কাছ থেকে একটি ক্যালেন্ডার চেয়েছি। আমরাও আমাদের জায়গা থেকে ফুটবলকে এগিয়ে নিতে একটি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করে বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো আমরা করব। বিশেষ করে গত অনেক বছর ধরেই দেখে আসছি যে, আমাদের জেলা পর্যায়ে লিগগুলো হয় না। যদিও গত বছর থেকে আমাদের আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেটাকে আমরা স্থায়ীভাবে প্রত্যেক জেলায় জেলায় লিগ চালাতে চাই। এ বিষয়গুলো নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন