২০২৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে জুনিয়র সাউথ এশিয়ান গেমস টেবিল টেনিস। এ টুর্নামেন্ট সামনে রেখে একঝাঁক সম্ভাবনাময়ী কিশোর-কিশোরী (অনূর্ধ্ব-১৭ ও ১৯) নিয়ে হচ্ছে বাছাই এবং র্যাংকিং প্রতিযোগিতা। পল্টনের তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর জিমনেশিয়ামে চলছে টিটি দলের বাছাই পর্ব। ৩২ খেলোয়াড় (বালক ও বালিকা) এই বাছাইয়ে অংশ নিয়েছেন।
এখান থেকে চার ক্যাটাগরিতে (অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা, অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা) ১৬ জনকে চূড়ান্ত করা হবে। এরপর তাদের নিয়ে হবে সাফ গেমসের ক্যাম্প। সেরা ১৬ খেলোয়াড় নিয়ে দীর্ঘমেয়াদি ক্যাম্প হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে।
ফেডারেশনের সদস্য সুজন মাহমুদ বলেছেন, ‘ফেডারেশনের পরিকল্পনা অনেক বড়। এবার জুনিয়র সাউথ এশিয়ান গেমস শ্রীলঙ্কায় হওয়ার কথা রয়েছে। যদিও এখনো সময় জানা যায়নি। তবে আমরা বসে নেই। সাউথ এশিয়ান গেমসে আমাদের প্রত্যাশা এবং স্বপ্ন অনেক বড়। এছাড়া নতুন খেলোয়াড় তুলে আনতেই আমাদের এই প্রচেষ্টা। যাতে সামনে জাতীয় দলের পাইপলাইন আরো মজবুত থাকে।’
বাছাই প্রতিযোগিতায় আছেন সদ্য শেষ হওয়া জাতীয় টেবিল টেনিসের নারী এককে এবং বালিকা এককে চ্যাম্পিয়ন হওয়া ১৮ বছর বয়সি খই খই সাই মারমা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

