এক বছরের বিশ্রাম চান বেলজিয়াম গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক

এক বছরের বিশ্রাম চান বেলজিয়াম গোলরক্ষক

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। ২-১ গোলে পরাজয়ের পর জাতীয় দল থেকে এক বছরের বিরতি নিতে চান বলে জানিয়েছেন তিনি।

ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ৩৪ বছর বয়সী এই গোলরক্ষককে। পরে সংবাদমাধ্যমকে কোর্তোয়া জানান, আপাতত বেলজিয়ামের হয়ে কোনো ম্যাচ খেলতে চান না। পরিকল্পনা অনুযায়ী, এক বছর বিশ্রাম নিয়ে তিনি ইউরো ২০২৮ বাছাইপর্ব এবং মূল আসরে ফেরার চেষ্টা করবেন। তবে বেলজিয়ান ফুটবল ফেডারেশন এ পরিকল্পনায় সম্মতি দেবে কি না, তা নিশ্চিত নন তিনি।

কোর্তোয়া বলেন, “আমি এক বছর বেলজিয়ামের কোনো ম্যাচ খেলতে চাই না। এরপর ইউরো বাছাইপর্ব এবং ২০২৮ ইউরোতে খেলতে চাই। তবে বেলজিয়াম এ ব্যাপারে রাজি হবে কি না, জানি না।”

স্পেনের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে উরুর (কোয়াড্রিসেপস) চোটে মাঠ ছাড়েন কোর্তোয়া। তাঁর পরিবর্তে নামা সেনে ল্যামেন্স শেষ দিকে একটি ভুল করলে মিকেল মেরিনো জয়সূচক গোল করেন এবং ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় বেলজিয়াম।

ম্যাচ শেষে সতীর্থ ল্যামেন্সকে দোষারোপ না করে বরং পাশে দাঁড়ান কোর্তোয়া। গোলরক্ষকের ভুল কতটা কষ্টের হতে পারে, সেটি তিনি ভালোভাবেই বোঝেন বলে জানান এবং ভবিষ্যতে ল্যামেন্স আরও শক্তভাবে ফিরে আসবে বলেও বিশ্বাস প্রকাশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন