চ্যাম্পিয়ন্স লিগে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে হতাশ হতে হলো নিউক্যাসল ইউনাইটেডকে। সেন্ট জেমস পার্কে নাটকীয় এক ম্যাচে যোগ করা সময়ের গোলে সমতা ফিরিয়ে নেয় বার্সেলোনা। গোল করে কাতালানদের হার এড়ান তরুণ তারকা লামিনে ইয়ামাল।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যাচটি শেষ হয় ১–১ সমতায়। পুরো ম্যাচে দাপট দেখানো নিউক্যাসল জয়ের স্বপ্ন দেখছিল শেষ মুহূর্ত পর্যন্ত, কিন্তু শেষ কিকে তাদের সেই আশা ভেঙে দেন ইয়ামাল।
ম্যাচের ৮৬ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন হার্ভি বার্নস। গোল পাওয়ার পর জয় প্রায় নিশ্চিত ভেবেই উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল নিউক্যাসল সমর্থকরা। তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ম্যাচে নাটকীয় মোড় আসে। বক্সের ভেতরে বদলি খেলোয়াড় দানি ওলমোকে ফাউল করেন ডিফেন্ডার মালিক থিয়াও। পেনাল্টি পায় বার্সেলোনা। স্পটকিক থেকে গোল করে দলকে পরাজয় থেকে বাঁচান ইয়ামাল।
ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, বল দখলে দল খুব ভালো খেলতে পারেনি এবং অনেক সহজ ভুল হয়েছে। তবে কঠিন পরিস্থিতিতে খেলোয়াড়রা একসঙ্গে লড়াই করে গুরুত্বপূর্ণ ফল তুলে এনেছে।
এই ড্রয়ে দুই দলের দ্বৈরথ জমে উঠেছে আরও বেশি। আগামী সপ্তাহে বার্সেলোনার ঘরের মাঠে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল, যেখানে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের টিকিট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

