আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চ্যাম্পিয়নস লিগ

রিয়াল-সিটির মহারণ রাতে

স্পোর্টস ডেস্ক

রিয়াল-সিটির মহারণ রাতে

এমন এক ম্যাচের জন্যই তো চাতক পাখির মতো অপেক্ষায় থাকেন ফুটবল অনুরাগীরা। যেখানে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়নস লিগের এই হাইভোল্টেজ ও মহারণের ম্যাচ মানেই আলাদা এক উন্মাদনা আর রোমাঞ্চের ভেলায় ভেসে বেড়ানো। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এই টুর্নামেন্টে দুই স্প্যানিশ-ইংলিশ জায়ান্ট টিমের লড়াই যেন এখন নিয়মিত ব্যাপার। আজ রাত ২টায় টুর্নামেন্টের শেষ ষোলো পর্বের প্রথম লেগে সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল আতিথ্য দেবে কোচ পেপ গার্দিওলার সিটিকে।

বিজ্ঞাপন

ব্যাপারটা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে, চ্যাম্পিয়নস লিগের খেলা হবে আর রিয়াল-ম্যানসিটির মধ্যকার মাঠের লড়াই হবে না। এটা যেন অনেকটা অকল্পনীয়। ইউরোপিয়ান ফুটবলের এলিট টুর্নামেন্টে এই দুই ক্লাবের দ্বৈরথটা যেন অলিখিত রীতি হয়ে দাঁড়িয়েছে। কেননা, টানা পঞ্চমবারের মতো উয়েফার ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল ও সিটি। ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলো পর্বের ড্র অনুষ্ঠানই টুর্নামেন্টে দুদলকে ফের একে অপরের মাঠের ‘শত্রু’ বানিয়ে দিয়েছে। দুদলের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে সেটা বলে দিচ্ছে, পরিসংখ্যানই। এখন পর্যন্ত ১৭টি ম্যাচ খেলে সমান পাঁচটি করে জয় পেয়েছে রিয়াল ও সিটি। বাকি পাঁচ থেকে গেছে অমীমাংসিত।

এবারের আগে রিয়াল-সিটি চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছে বেশ কয়েকবার। ২০২১-২২ ও ২০২২-২৩ মৌসুমের সেমিফাইনাল, ২০২৩-২৪ মৌসুমের কোয়ার্টার ফাইনাল ও ২০২৪-২৫ মৌসুমের নকআউট পর্বের প্লে-অফে মাঠে লড়াই করেছে রিয়াল ও সিটি। মাঝে ২০২০-২১ বাদে সর্বশেষ ৭ আসরের ৬টিতেই মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও ইংল্যান্ডের দুই জায়ান্ট ক্লাব।

অন্যদিকে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি-চেলসি। শেষ ষোলোতে এবার সেই বৈশ্বিক আসরের ফাইনালের পুনঃমঞ্চায়ন হতে যাচ্ছে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে একে অন্যের সঙ্গে আজ আবার দেখা হয়ে যাচ্ছে। নিজেদের মাঠ পার্ক দেস প্রিসেন্সে চেলসিকে স্বাগত জানাবে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

অন্যদিকে চমক দেখিয়ে যাওয়া নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটের বিপক্ষে মাঠে নামবে পর্তুগালের স্পোর্টিং সিপি। আর বায়ার লেভারকুসেনের বেঅ্যারেনা সফরে যাবে কোচ মিকেল আর্তেতার ইংলিশ জায়ান্ট আর্সেনাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন