বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে স্পেন। গোল না পেলেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। সেমিফাইনালে প্রতিপক্ষ ফ্রান্সকে সামনে রেখে এখন থেকেই রোমাঞ্চিত স্প্যানিশ এই ফরোয়ার্ড। তার লক্ষ্য, ইউরোর মতো এবারও ফরাসিদের বিপক্ষে গোল করা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইয়ামাল বলেন, ‘আমিও সেটাই আশা করছি। আবারও ফ্রান্সের বিপক্ষে গোল করতে আমি সত্যিই মুখিয়ে আছি।’
২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছিলেন ইয়ামাল। এবার বিশ্বকাপের সেমিফাইনালেও সেই স্মৃতি ফিরিয়ে আনতে চান তিনি। তবে গোলের চেয়ে দলগত সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। তার ভাষায়, ‘আমি খুবই আনন্দিত। এখন পুরো মনোযোগ পরের ম্যাচে। সেমিফাইনালে উঠতে পেরে আমরা খুশি। মাঠে নিজেকে দারুণ অনুভব করেছি।’
ফ্রান্সের শক্তিমত্তার কথাও স্বীকার করেছেন ইয়ামাল। তবে বলের দখল ধরে রেখে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব বলে বিশ্বাস তার, ‘ওরা এমন একটি দল, যারা আমাদের ওপর চাপ তৈরি করার চেষ্টা করবে। যদিও পুরো ৯০ মিনিট সেটা করতে পারবে না। তারা শারীরিকভাবে খুব শক্তিশালী। আমাদের লক্ষ্য থাকবে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখা। আমি বিশ্বাস করি সবকিছু ঠিকঠাক হবে। আমি পুরোপুরি প্রস্তুত, ম্যাচের জন্য আর তর সইছে না।’
বেলজিয়ামের বিপক্ষে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি ইয়ামাল। তবে সেটি নিয়ে কোনো আক্ষেপ নেই তার। তিনি বলেন, ‘না, এতে আমি মোটেও হতাশ নই। যতক্ষণ দল টুর্নামেন্টে এগিয়ে যাচ্ছে, ততক্ষণ আমি খুশি। দিনশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের সাফল্য।’
নিজের শারীরিক অবস্থার উন্নতির কথাও জানিয়েছেন স্পেনের এই উদীয়মান তারকা।, ‘আমি খুব ভালো অনুভব করছি। প্রতি সপ্তাহে আমার পারফরম্যান্স আরও উন্নত হচ্ছে। আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছি।’
আগামী মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার রাত ১টা) ডালাসে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। ইউরোর পর এবারও ফরাসিদের বিপক্ষে নিজের ছাপ রাখার অপেক্ষায় রয়েছেন ইয়ামাল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

