মেরিনোর প্রশংসায় দে লা ফুয়েন্তে

স্পোর্টস ডেস্ক

মেরিনোর প্রশংসায় দে লা ফুয়েন্তে

এই বিশ্বকাপে স্পেনের শুরুটা দেখে তাদের পক্ষে বাজি ধরার লোক কমছিল। তবে সময়ের সঙ্গে নিজেদের চেনাতে শুরু করে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। আরেকটি নকআউট ম্যাচে বদলি নেমে গোল করে নায়ক হয়েছেন মিকেল মেরিনো। ম্যাচ শেষে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানালেন, মেরিনোর মতো ফুটবলারকে শুরুর একাদশের বাইরে রাখা সহজ নয়, তবে এই স্পেন দলের সবচেয়ে বড় শক্তিই হলো স্কোয়াডের গভীরতা।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মেরিনোর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘মিকেল একজন বিশ্বমানের খেলোয়াড়। এমন একজন ফুটবলারকে শুরুর একাদশের বাইরে রাখা খুব কঠিন। কিন্তু এটাই আমাদের সৌভাগ্য যে, এমন মানের খেলোয়াড় আমাদের বেঞ্চেও আছে।’

বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপে এটি প্রথম নয়। শেষ ষোলোতেও পর্তুগালের বিপক্ষে বদলি নেমে যোগ করা সময়ে জয়সূচক গোল করেছিলেন আর্সেনালের এই মিডফিল্ডার। এবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষেও একই গল্পের পুনরাবৃত্তি ঘটালেন তিনি। ৮৮ মিনিটে সেনে লামেন্সের হাত ফসকে বেরিয়ে আসা বল জালে জড়িয়ে স্পেনকে শেষ চারে তুলে দেন মেরিনো। মেরিনোকে নিয়ে দে লা ফুয়েন্তে আরো বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো দল। এখানে যারা শুরু থেকে খেলছে এবং যারা বেঞ্চে আছে—সবার মান খুবই উঁচু। যে-ই সুযোগ পায়, সে দলকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে।’

স্পেন কোচের মতে, বড় টুর্নামেন্টে শুধু প্রথম একাদশ দিয়ে সাফল্য পাওয়া সম্ভব নয়। দীর্ঘ পথ পাড়ি দিতে হলে পুরো স্কোয়াডকে প্রস্তুত রাখতে হয়। তিনি আরো যোগ করেন, ‘এ ধরনের টুর্নামেন্টে ২৬ জন ফুটবলারই গুরুত্বপূর্ণ। সবাইকে প্রয়োজন হয়। যারা আজ খেলেনি, তারাও আগামী ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।’ ম্যাচের পর মেরিনোকেও আলাদা করে প্রশংসা করেন স্প্যানিশ কোচ, ‘সে সব সময় প্রস্তুত থাকে। যখনই সুযোগ পেয়েছে, দলের জন্য গুরুত্বপূর্ণ কিছু করেছে। এ ধরনের ফুটবলার যেকোনো কোচের জন্য আশীর্বাদ।’

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল স্পেনের। ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যাওয়ার পর চার্লস ডি কেটেলারে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। বদলি গোলরক্ষক সেনে লামেন্স শেষ দিকে কুবারসির শট ঠিকমতো সামলাতে না পারায় সুযোগ পান মেরিনো। সেই সুযোগই কাজে লাগিয়ে স্পেনকে সেমিফাইনালে তুলে দেন তিনি।

এবার সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। তবে প্রতিপক্ষকে নিয়ে কোনো ভয় নেই বলে জানিয়েছেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘ফ্রান্স যেমন আমাদের নিয়ে চিন্তা করবে, আমরাও তাদের নিয়ে করব। তারা দুর্দান্ত দল, কিন্তু আমরা ইতোমধ্যে তাদের হারিয়েছি। আমরা নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখি।’ একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, স্পেনের শক্তি কোনো একক তারকা নন, বরং পুরো দল, ‘আমি সব সময় বলি, ব্যক্তি নয় দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দলের ঐক্য, মানসিকতা এবং পারস্পরিক বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন