আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিসিএল

উত্তেজনা ছড়াল দুই ম্যাচই

স্পোর্টস রিপোর্টার

উত্তেজনা ছড়াল দুই ম্যাচই

রাজশাহীতে মধ্যাঞ্চলের বিপক্ষে ৩২২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল উত্তরাঞ্চল। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করানোর পর মনে হয়েছিল উত্তরাঞ্চলের জয় পাওয়া সময়ের ব্যাপারমাত্র। তবে সেটা হয়নি মধ্যাঞ্চলের ওপেনার জিসান আলমের সেঞ্চুরির পর শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন সৈকত। তাতে দুই উইকেটের জয় পায় মধ্যাঞ্চল। দিনের অন্য ম্যাচে বগুড়ায় দক্ষিণাঞ্চলের বিপক্ষে ১ উইকেটের জয় পেয়েছে পূর্বাঞ্চল।

রাজশাহীতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দেন উত্তরাঞ্চলের ওপেনার তানজিদ হাসান তামিম। ৯২ বলে ৯২ রান করে আউট হন তামিম। তিনি সেঞ্চুরি মিস করলেও হাতছাড়া করেননি তাওহিদ হৃদয়। ১১০ বলে ১০০ রান করে আউট হন হৃদয়। এ দুজনের সেঞ্চুরির পাশাপাশি সাব্বির রহমান শেষদিকে ৫১ বলে খেলেন ৭১ রানের ঝোড়ো ইনিংস।

বিজ্ঞাপন

তাতে ৭ উইকেটে ৩২২ রানে থামে উত্তরাঞ্চলের ইনিংস। মধ্যাঞ্চলের হয়ে আবু হায়দার রনি ৫৯ রানে নেন চার উইকেট।

৩২৩ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে জিসান আলম ৯৩ বলে ১২৭ রানের ইনিংস খেলেন। তাতেই মূলত জয়ের ভিত পেয়ে যায় মধ্যাঞ্চল। মাঝে উইকেট পতনের হিড়িকে মনে হচ্ছিল সহজেই হেরে যাবে দলটি। সেখান থেকে দলকে টেনে তোলেন মাহফিজুল ইসলাম রবিন। খেলেন ৫৪ রানের ইনিংস। দলের পরিস্থিতি খানিকটা স্থিতিশীল হলে উইকেটে গিয়ে ঝোড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে দেন মোসাদ্দেক। ২৬ বলে খেলেন ৫৪ রানের দারুণ এক ইনিংস। উত্তরাঞ্চলের হয়ে রিশাদ হোসেন ৬৫ রানে নেন তিন উইকেট।

দিনের অন্য ম্যাচে বগুড়ায় হয়েছে লো স্কোরিং লড়াই। পূর্বাঞ্চলের বোলারদের দাপটে মাত্র ১৮০ রানে থামে দক্ষিণাঞ্চলের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান আসে আনিসুল ইসলাম ইমনের ব্যাটে। এছাড়া রবিউল হক করেন ৩১ রান।

১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩১ রানে দুই উইকেট হারায় পূর্বাঞ্চল। সেখান থেকে দলকে এগিয়ে নেন শাহাদাত হোসেন দিপ। তার ব্যাটে আসে ৬২ বলে ৪২ রান। পরে ১২২ রান তুলতে ৮ উইকেট হারিয়ে বসে পূর্বাঞ্চল। তবে দলকে আর পেছনে যেতে দেননি হাসান মাহমুদ ও মুশফিক হাসান। দশম উইকেটে দারুণ এক জুটিতে নিশ্চিত করে দেন জয়। দক্ষিণাঞ্চলের হয়ে সৌম্য সরকার ৩২ রানে নেন ৪ উইকেট।

লিগ পর্ব শেষে সমান দুটি করে জয় নিয়ে ফাইনাল খেলবে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। আগামী মঙ্গলবার মিরপুরে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন