ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতি ও বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা পরিহার ও অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বিবৃতিতে বলা হয়, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতি এবং উদ্ভূত উত্তেজনার প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশে গমনরত বাংলাদেশি কর্মীদের যাতায়াত ব্যাহত হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যেই সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছে, যাতে পরিস্থিতির উন্নতি ঘটলে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু এবং বর্তমানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি দেয়া হয়। এ বিষয়ে কয়েকটি দেশ ইতিবাচক আশ্বাস দিয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ দেশের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করেছে এবং মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে, যাতে উদ্ভূত উদ্বেগসমূহ নিরসন করা যায়। সেই সঙ্গে বাংলাদেশ সরকার তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের স্থাপনা, কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ মধ্যপ্রাচ্যে আলোচনা-প্রক্রিয়ার ব্যর্থতায় এবং মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধ তীব্রতর হওয়ায় গভীর উদ্বেগ জানাচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশ পুনর্ব্যক্ত করছে যে, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন অপরিহার্য। আমাদের দৃঢ় বিশ্বাস, সংঘাত কখনও স্থায়ী সমাধান বয়ে আনে না; বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতির মাধ্যমেই বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব। বাংলাদেশ সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা পরিহার এবং অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানাচ্ছে।
বিবৃতিতে বাংলাদেশ মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার পক্ষে নিজেদের সুসংহত ও নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করছে। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও সংলাপের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষে প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার লক্ষে এক জরুরি বৈঠকে মিলিত হন। ওই বৈঠককালে তারা তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গেও টেলিফোনে আলোচনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

