চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশ-পাকিস্তান পরস্পরের মুখোমুখি হচ্ছে। ইংল্যান্ডের সাউদাম্পনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দুদলের ম্যাচটি শুরু হবে। ইতোমধ্যে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে বড় হারের হতাশায় পুড়েছে দল। এক জয়ে গ্রুপ-১-এর পয়েন্ট টেবিলে চার নম্বরে এখন বাংলাদেশের মেয়েরা। আজ পাকিস্তানের বিপক্ষে জয়ে ফিরতেই মাঠে নামবে তারা। অন্যদিকে, বিশ্বকাপে দুই ম্যাচ খেলে প্রতিটিতে হেরেছে পাকিস্তান। ভারতের কাছে ৬৪ রানে হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে ২ উইকেটে হেরেছে পাকিস্তানের মেয়েরা। জয়ের খোঁজে থাকবে তারাও। দুদলের ম্যাচে লড়াইটা ভালো জমবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
অতীত রেকর্ডে পাকিস্তানের পাল্লাটাই ভারী। এ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬টিতেই জিতেছে তারা। তবে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। আর এই পারফরম্যান্সই আজ পাকিস্তানের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতিদের বাড়তি আত্মবিশ্বাসী করে তুলছে। এ ম্যাচেও পেসার মারুফা আক্তার বেশ প্রভাব রাখতে পারেন। নেদারল্যান্ডস ম্যাচে বৈচিত্র্যময় বোলিংয়ে ৩১ রানে দুই উইকেট নেন মারুফা। অস্ট্রেলিয়া ম্যাচে বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি তারই। পাকিস্তানের ব্যাটিং লাইনআপ তছনছ দেওয়ার জন্য তার একটি স্পেলই যথেষ্ট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

