আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারী এশিয়ান কাপ

সামনে শক্তিশালী কোরিয়া, চমকের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

সামনে শক্তিশালী কোরিয়া, চমকের অপেক্ষায় বাংলাদেশ

এশিয়ান কাপের অভিষেক ম্যাচে ৯বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ নারী দল। ম্যাচটিতে ২-০ গোলে হারলেও ফুটবল নৈপুণ্যে নতুন বার্তা দিয়েছে তারা। এবার তাদের সামনে উত্তর কোরিয়ার বিপক্ষে আরেকটি কঠিন পরীক্ষার ম্যাচ। আগামী ৬ মার্চ সিডনির মাঠেই হবে ম্যাচটি। এ ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে আছেন ঋতুপর্ণা-মারিয়া মান্ডারা। আজ শুধু রিকভারি সেশন তাদের। বাকি সময় বিশ্রামে কাটায় তারা। সিডনির বিখ্যাত অপেরা হাউস, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ও হারবার ব্রিজ পরিদর্শনে যান নারী ফুটবলাররা। অস্ট্রেলিয়ার ঐতিহাসিক স্থাপনায় ঘুরতে গিয়ে স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে রাখেন তারা। শক্তিশালী উত্তর কোরিয়া ম্যাচের আগে খেলোয়াড়দের সতেজ রাখতেই এ রিফ্রেশমেন্টের উদ্যোগ নেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

চীনের চেয়েও বেশি শক্ত প্রতিপক্ষ ধরা হচ্ছে উত্তর কোরিয়াকে। ফিফার র‌্যাংকিংয়ে দলটির অবস্থান নবম। যেখানে বাংলাদেশের অবস্থান ১১২তম। শুধু র‌্যাংকিংয়েই শতধাপ এগিয়ে থাকা নয়, তিনবার করে এশিয়ান কাপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে উত্তর কোরিয়া। এবারের টুর্নামেন্টে ফেভারিটদের মধ্যে অন্যতম তারা। তিন আসর পর এশিয়ান কাপে ফিরেছেন কোরিয়ানরা। নিষিদ্ধ থাকার কারণে ২০১৪ এশিয়ান কাপ ও ফিফা বিশ্বকাপে খেলতে পারেননি উত্তর কোরিয়ার মেয়েরা। এরপর ২০১৮ ও ২০১৯ সালে এশিয়ান কাপের বাছাই পর্ব উতরাতে পারেননি তারা। দীর্ঘ এক দশকের বেশি সময় পর দুর্দান্ত রূপেই ফিরেছে দলটি। এরই মধ্যে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে মিশন শুরু করেন কোরিয়ানরা।

বিজ্ঞাপন

কোরিয়া দলটি তারুণ্যদীপ্ত, গতিময় ফুটবল খেলেছে তারা। এমন একটি দলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নামা কঠিন চ্যালেঞ্জেরই বটে। তবে আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা। গতকাল অনুশীলনের পর বাফুফের পাঠানো ভিডিও বার্তায় নারী দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, ‘আজ (বুধবার) আমরা পুরোপুরি রিকভারি সেশন করেছি এবং আমাদের ভুলভ্রান্তি নিয়ে কাল (আজ) থেকে কাজ শুরু হবে। আমরা একটা ভিডিও সেশন করব। আমাদের ভুলভ্রান্তিগুলো দেখব এবং এগুলো নিয়ে মাঠে কাজ করব।’

চীনের বিপক্ষে গত ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স প্রসঙ্গে মাসুদ আহমেদ বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনামাফিক খেলতে পেরেছি। মেয়েরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে মাঠে।’ চীন ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন গোলরক্ষক মিলি আক্তার। নিয়মিত গোলরক্ষক রুপনার জায়গায় খেলতে নেমে বাজিমাত করেন এ ১৯ বছর বয়সি গোলরক্ষক।

মিলির খেলতে নামা প্রসঙ্গে মাসুদ আহমেদ বলেন, ‘আসলে মিলিকে নিয়ে আমাদের পরিকল্পনা আরো দুই মাস আগে থেকেই ছিল, আমরা চায়নার বিপক্ষে মিলিকে দিয়ে শুরু করব। এর পরিকল্পনা আরো দুই মাস আগে থেকে হেডকোচের সঙ্গে কথা বলে আমরা সেট করেছি। নারী লিগের সময় এবং অনুশীলন সেশনগুলোতে আমরা ওইভাবেই কাজ করেছি।’

তিনি আরো বলেন, ‘চীনের স্ট্রং পয়েন্টগুলো নিয়ে কাজ করেছি। আমরা মিলির উচ্চতাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। মিলি প্রমাণ করেছে।’ উত্তর কোরিয়া ম্যাচ সামনে রেখে দলে কোনো ইনজুরি নেই বলে জানালেন মাসুদ আহমেদ। তিনি বলেন, ‘বড় ধরনের কোনো ইনজুরি নেই আমাদের টিমে। মেয়েরা সুস্থ আছে, এটাই সবচেয়ে ইতিবাচক দিক। পরের ম্যাচটি আরো বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ভাগ্য যদি আমাদের সহায় থাকে, আমরা পয়েন্ট আনতে পারি। পরের ম্যাচে ওইভাবেই মেয়েদের উৎসাহিত করছি আমরা।’

মাসুদ আহমেদ জানালেন, আজ থেকে উত্তর কোরিয়া ম্যাচ নিয়ে পুরোদমে কাজ শুরু করবেন তারা। এ ম্যাচেও মেয়েরা ভালো কিছু উপহার দেবেÑএমন প্রত্যাশায় বাংলাদেশ গোলরক্ষক কোচ। উত্তর কোরিয়ার পর আগামী ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন