আর্সেনালের জয়, ম্যানসিটি-ম্যানইউয়ের হোঁচট

হ্যাটট্রিকে উজ্জ্বল পেদ্রো, বড় জয়ে পাঁচে চেলসি

স্পোর্টস ডেস্ক

হ্যাটট্রিকে উজ্জ্বল পেদ্রো, বড় জয়ে পাঁচে চেলসি

দীর্ঘদিন গোলখরায় থাকার পর অবশেষে ছন্দে ফিরলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। তার দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে চেলসি। ইংলিশ লিগে অ্যাওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে উঠে এসেছে লন্ডনের ক্লাবটি। শিরোপার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ঘরের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে অবনমন অঞ্চলের কাছাকাছি থাকা নটিংহাম ফরেস্টের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল।

বিজ্ঞাপন

একই রাতে আর্সেনাল ১-০ গোলে হারিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে। আরেক ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারে কোচ হিসেবে মাইকেল ক্যারিকের টানা ৮ ম্যাচের অপরাজেয় যাত্রা থামল।

ভিলার মাঠে ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল স্বাগতিকদেরই। দ্বিতীয় মিনিটে ব্যাকহিল শটে গোল করে দলকে এগিয়ে দেন ডগলাস লুইস। তবে ৩৫ মিনিটে কাছ থেকে ফিনিশিং করে সমতা ফেরান পেদ্রো। প্রথমার্ধের ইনজুরি সময়ে এনজো ফার্নান্দেজের থ্রু বল ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে দূরপাল্লার শক্ত শটে ব্যবধান বাড়ান কোল পালমার। এরপর আলেহান্দ্রো গার্নাচোর পাস থেকে ডান পায়ের শটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন পেদ্রো।

গত গ্রীষ্মে চেলসিতে যোগ দেওয়ার পর এটি তার প্রথম হ্যাটট্রিক। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ১৪তম গোল। এই জয়ে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠেছে চেলসি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই আছে লিভারপুল, আর ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। আর্সেনালের জয়ে একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা। ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আরো মজবুত অবস্থান তৈরি করেছে মিকেল আর্তেতার দল।

অন্য ম্যাচে ৩১ মিনিটে চমৎকার ভলিতে সিটিকে এগিয়ে দেন অঁতোয়ান সেমেনিও। তবে ৫৬ মিনিটে অধিনায়ক মরগান গিবস-হোয়াইটের বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে সমতায় ফেরে ফরেস্ট। পরে কর্নার থেকে গোল করে আবারও সিটিকে লিড এনে দেন রদ্রি। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ১৪ মিনিট আগে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে গোল করে সমতা ফেরান এলিওট অ্যান্ডারসন। শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ম্যান সিটি।

আরেক ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত ম্যাচে বিরতির ঠিক আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের জ্যাকব র‍্যামসে। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন অ্যান্থনি গর্ডন।

তিন মিনিট পরই ফ্রি কিক থেকে হেডে সমতা ফেরান কাসেমিরো। ৯০ মিনিটে কিরান ট্রিপিয়ারের পাস থেকে গোল করে নাটকীয় জয় নিশ্চিত করেন ২২ বছর বয়সি ডেনিশ স্ট্রাইকার উইল ওসুলা। এই জয়ে ২৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে আছে নিউক্যাসল। অন্যদিকে ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন