‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

ফাইনালে ওঠার স্বপ্নটা ছিল চোখের সামনে। ঘরের মাঠে হাজারো দর্শকের সামনে উদ্‌যাপনের অপেক্ষায় ছিলেন বাংলাদেশ দলের ফুটবলাররা। কিন্তু একটি ভুলেই বদলে গেল সব হিসাব। পাকিস্তানের কাছে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। আর দলের সেই হারের পর নিজের ভুলের দায় স্বীকার করে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় দলের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে শ্রাবণের ভুলেই গোল হজম করে বাংলাদেশ। সেই ভুলের খেসারত দিতে হয়েছে পুরো দলকে। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের হতাশা ও অনুশোচনার কথা জানিয়েছেন এই গোলরক্ষক।

পোস্টে শ্রাবণ লিখেছেন, ‘গত রাতে আপনাদের সবার সঙ্গে আনন্দ উদ্‌যাপন করার স্বপ্ন দেখেছিলাম। ভারাক্রান্ত হৃদয়ে এমন কথা লিখতে হবে, তা ভাবিনি। একটি অনাকাঙ্ক্ষিত ভুল সবকিছু বদলে দিয়েছে। আমি জানি, এই ভুল কতটা হতাশ করেছে সবাইকে। এটিকে জীবনের কষ্টদায়ক শিক্ষা হিসেবেই নিচ্ছি। সতীর্থ, কোচ এবং প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’

শ্রাবণের পোস্টে স্পষ্ট, দলের বিদায়ের কষ্টের পাশাপাশি নিজের ভুলের জন্যও গভীর অনুশোচনায় ভুগছেন তিনি। জাতীয় দলের জার্সিতে এমন একটি মুহূর্ত যে কতটা যন্ত্রণার, তাঁর কথাতেই ফুটে উঠেছে সেই অনুভূতি।

তবে ফুটবলে ভুলের দায় একজনের হলেও জয়-পরাজয়ের দায়িত্ব পুরো দলের। শ্রাবণের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানো। সমর্থকদের কাছে তাঁর ক্ষমা প্রার্থনার পর এখন অপেক্ষা, মাঠের পারফরম্যান্সে কীভাবে সেই আস্থার প্রতিদান দেন এই গোলরক্ষক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন