এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ২০ বছর আগের ২০০৫ সালের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠার মধুর স্মৃতি থাকলেও, এবার চিত্র সম্পূর্ণ উল্টো। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গিয়ে গোল হজম করায় বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এই হারে স্বাভাবিকভাবেই গভীর হতাশা প্রকাশ করেছেন দেশের ফুটবলের বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী।

বিজ্ঞাপন

জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে দাঁড়িয়ে নিজের ও দলের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হামজা বলেন, ‘এটা ভীষণ, ভীষণ হৃদয়বিদারক। শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও পুরো জাতির জন্যও এটা অনেক বড় কষ্টের। কিন্তু আল্লাহর রহমত, আর কী বলব!’

পাকিস্তানের কাছে এই হারের পর থেকেই দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুল থ্রো পাস নিয়ে তুমুল আলোচনা চলছে। শ্রাবণের থ্রো থেকেই বল পেয়ে পাকিস্তানের আব্দুল সামাদ জয়সূচক গোলটি করেন। সমর্থকদের একাংশ এই হারকে গোলরক্ষকের ভুল হিসেবে দেখলেও হামজা সতীর্থের পাশে দাঁড়িয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জয়-পরাজয় বা ভুল—দলের সবাই মিলে ভাগ করে নেয়।

এই বিষয়ে হামজা বলেন, ‘এভাবে কেউ কাউকে এককভাবে দোষ দিতে পারে না। আমরা ১১ জন মিলে খেলেছি, প্রতিপক্ষও ১১ জন ছিল। তাই ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করতে পারি না।’

ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে বলতে গিয়ে হামজা জানান, প্রথমার্ধে বাংলাদেশ দারুণ লড়াই করলেও বিরতির পর প্রতিপক্ষ নিজেদের খেলায় কৌশলগত পরিবর্তন আনে। এছাড়া পুরো ম্যাচে বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে আক্রমণভাগ।

হামজা আরও যোগ করেন, ‘হাফটাইমে তারা নিজেদের গেম প্ল্যান পরিবর্তন করেছে। এরপরও তারা মাত্র একটি সুযোগ তৈরি করেছে এবং সেখান থেকেই গোল করেছে। এটাই তো ফুটবল, তাই না?’

প্রথমার্ধে একটি বল পোস্টে লেগে ফেরে এবং দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ নষ্ট হয়। সব মিলিয়ে জয়ের খুব কাছাকাছি গিয়েও ফাইনালে পৌঁছাতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...