অর্থবছরের প্রথম প্রান্তিক

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই
ছবি: সংগৃহীত

শিল্পের মূলধনি যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানি কমে গেছে। অর্থাৎ শিল্পে বিনিয়োগ কমছে। নতুন শিল্প স্থাপন বা বর্তমান কারাখানার সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ভালো প্রকল্পের জন্য ঋণ প্রস্তাবও জমা পড়ছে না। নতুন বিনিয়োগে আগ্রহ তৈরি হচ্ছে না। ব্যাংকগুলোতে যেসব ঋণপত্র খোলা হচ্ছে তার বড় অংশই জ্বালানিনির্ভর। শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তীসহ নিত্যপণ্যের আধিক্যও রয়েছে। ফলে উচ্চ আমদানি ব্যয় সত্ত্বেও মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এ কমার হার দাঁড়িয়েছে সাড়ে ২২ শতাংশে।

ব্যবসায়ী, ব্যাংকার ও আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন, গত তিন বছর ধরেই দেশের অর্থনীতিতে শ্লথগতি বিরাজ করছে। বিশেষ করে গণঅভ্যুত্থানের পর ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতিও নাজুক হয়ে পড়ে। এর মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সংকট আরো প্রকট হয়েছে। নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত তার দৃশ্যমান অগ্রগতি নেই। এসব কারণে এতে দেশে নতুন শিল্প স্থাপন ও বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের উদ্যোগও মন্থর হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে খাদ্যপণ্য ও জ্বালানির দাম বেড়ে যায়। এসব পণ্য আমদানিতে ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশে ডলারের সংকট দেখা দেয়। যদিও পরবর্তী সময়ে ডলার সংকট কিছুটা কাটে, তবে গ্যাস-বিদ্যুতের সংকট বিনিয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে ইরান যুদ্ধের প্রভাবও নতুন করে যুক্ত হয়েছে। অন্যদিকে ব্যাংকঋণের উচ্চ সুদ ব্যবসায়ীদের বিনিয়োগে নিরুৎসাহিত করছে। সব মিলিয়ে অনেক উদ্যোক্তার জন্য বিদ্যমান ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। ফলে নতুন বিনিয়োগ ও শিল্প সম্প্রসারণের পরিবর্তে বিদ্যমান কার্যক্রম সচল রাখতেই বেশি মনোযোগ দিচ্ছেন তারা। এর প্রভাব পড়েছে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর দেশে মোট এক হাজার ৯৩৩ কোটি ১০ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল এক হাজার ৬৮০ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ২৫৩ কোটি ১০ লাখ ডলার।

তবে আমদানির এ প্রবৃদ্ধিতে মূলধনি পণ্যের অবদান নেই। বরং মূলধনি পণ্য আমদানি কমেছে প্রায় ১৩.৬০ শতাংশ। গত অর্থবছরের প্রথম তিন মাসে এ খাতে আমদানি ছিল ২৮৫ কোটি ডলার, যা চলতি অর্থবছরের একই সময়ে কমে ২৪৬ কোটি ৩১ লাখ ডলারে দাঁড়িয়েছে। এর মধ্যে মূলধনি যন্ত্রপাতি আমদানি ৯৯ কোটি ২৫ লাখ ডলার থেকে কমে ৭৬ কোটি ৯৩ লাখ ডলারে নেমেছে। এছাড়া অন্যান্য মূলধনি পণ্য আমদানিও প্রায় ৯ শতাংশ কমে ১৬৯ কোটি ৩৭ লাখ ডলারে নেমেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, ব্যবসা-বাণিজ্যের অবস্থা খারাপ। পরিস্থিতি ভালো থাকলে আমদানি বৃদ্ধি পায়। বর্তমান আমদানি যে প্রবৃদ্ধি হচ্ছে, সেটি মূলত জ্বালানির কারণে। চলমান সংকটে নতুন করে কেউ এ খাতে বিনিয়োগে যাচ্ছে না। যার ফলে মূলধনি যন্ত্র আমদানির এই নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

শিল্পের কাঁচামালসহ মধ্যবর্তী পণ্য আমদানি বেড়েছে ২২.৭০ শতাংশ। এ খাতে আমদানি এক হাজার ১০৭ কোটি ৩১ লাখ ডলার থেকে বেড়ে এক হাজার ৩৫৮ কোটি ৯৪ লাখ ডলারে পৌঁছেছে। অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বেড়েছে ১১৮.১০ শতাংশ।

বস্ত্র খাতের মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন আমার দেশকে বলেন, গত তিন বছর ধরেই দেশে বিনিয়োগের প্রবৃদ্ধি নেতিবাচক। নতুন করে কোনো ধরনের মূলধনি বিনিয়োগ হচ্ছে না বললেই চলে। এর অন্যতম কারণ ছিল নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা। নির্বাচনের পরও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং ব্যাংকিং খাতে অসহযোগিতামূলক মনোভাব ও তারল্য সংকটের কারণে উদ্যোক্তারা প্রয়োজনীয় অর্থায়ন পাচ্ছেন না।

তিনি বলেন, বর্তমান সরকার ৪০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেও এখন পর্যন্ত এ তহবিল থেকে উল্লেখযোগ্য অর্থ বিতরণ হয়নি। সব মিলিয়ে এ মুহূর্তে দেশে বিনিয়োগের সবচেয়ে বড় সমস্যা অর্থায়ন।

তিনি আরো বলেন, গত তিন-চার বছরের রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা ও ডলারের উচ্চমূল্যের কারণে টাকার অবমূল্যায়ন হয়েছে। এতে বিদ্যমান ব্যবসায়ীদের কার্যকর মূলধন কমে গেছে। ফলে ব্যবসা সম্প্রসারণের মতো সক্ষমতা অনেক উদ্যোক্তার আর নেই।

জ্বালানি ও বিদ্যুৎ সংকটের প্রভাব তুলে ধরে তিনি বলেন, জ্বালানি সংকট আগে থেকেই ছিল, তবে সম্প্রতি তা প্রকট হওয়ায় অনেক উদ্যোক্তা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংকটের সমাধান কীভাবে হবে, তা নিয়েও তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এজন্য মূলধনি যন্ত্রপাতি আমদানির এই চিত্র দেখা যাচ্ছে।

অর্থনীতিবিদরা বলেছেন, মূলধনি যন্ত্রপাতি আমদানি করে উদ্যোক্তারা সাধারণত নতুন শিল্পকারখানা স্থাপন বা কারখানার সম্প্রসারণ করে থাকেন। অর্থাৎ শিল্প খাতে বিনিয়োগ বাড়ে। বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থান তৈরি হয়। মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে। সামগ্রিক অর্থনীতিতে গতিশীলতা আসে। মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ার অর্থ হলো বিনিয়োগ থমকে যাওয়া। আর বিনিয়োগ না হলে কর্মসংস্থানের সুযোগও বাড়বে না। ফলে অর্থনীতিতে দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ঋণ প্রবৃদ্ধিতে শ্লথগতি

গত সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৪.০৯ শতাংশে, যা ইতিহাসে সর্বনিম্ন। এর ফলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। টানা কয়েক মাস ধরে এ হার এক অঙ্কের ঘরে অবস্থান করছে। ২০২৪ সালের আগস্টের পর রাজনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগ স্থবিরতার কারণে নতুন ঋণ চাহিদা কমে যায়। নতুন শিল্প স্থাপন বা বড় সম্প্রসারণ না হলে মূলধনি যন্ত্রপাতি আমদানিও স্বাভাবিকভাবেই সীমিত থাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...