আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

রাজনৈতিক স্বার্থে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো হয়েছে। ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রকৃত হিসাবের তুলনায় প্রবৃদ্ধি ০.৮ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানোর তথ্য উঠে এসেছে বিশেষজ্ঞ কমিটির ফরেনসিক অডিটে। বিশেষ করে উৎপাদনশিল্পের কয়েকটি উপখাতের উৎপাদন ও মূল্য সংযোজনের তথ্য অতিরঞ্জিত করে সামগ্রিক প্রবৃদ্ধির চিত্র উঁচুতে তুলে ধরা হয়েছিল। এতে অর্থনীতির প্রকৃত অবস্থার প্রতিফলন ঘটেনি বলে মনে করছে কমিটি।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মেলনকক্ষে ‘পিয়ার রিভিউ অব ফরেনসিক অডিট রিপোর্ট অন জিডিপি এস্টিমেটস’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক। কমিটির অপর সদস্য ছিলেন বিআইডিএসের গবেষণা পরিচালক ড. অতনু রব্বানী।

সেমিনারে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রাজনৈতিক স্বার্থে অতীতে জিডিপির পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে তথ্যের অতিমূল্যায়নের প্রবণতা বেশি ছিল। পতিত সরকার এসব পরিসংখ্যান ব্যবহার করে উন্নয়নের রাজনৈতিক বয়ান তৈরি করেছে। বিবিএসের নিজস্ব জরিপের তথ্যের তুলনায় প্রশাসনিক ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান থেকে সংগৃহীত উপাত্তে বিকৃতির সুযোগ বেশি ছিল। এ সুযোগ কাজে লাগিয়ে সাতটি খাতের তথ্যে মনগড়া উপাত্ত যুক্ত করে জিডিপির আকার ও প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে।

বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন অনুযায়ী, ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত চার বছরে দেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ২৭ শতাংশ। পরবর্তী পাঁচ বছর, অর্থাৎ ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছরে এ হার বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৩৯ শতাংশে। দুই মেয়াদের গড় প্রবৃদ্ধির ব্যবধান ১ দশমিক ১২ শতাংশীয় পয়েন্ট। কোভিড মহামারির প্রভাব বিবেচনায় ২০১৯-২০ অর্থবছরকে তুলনামূলক বিশ্লেষণের বাইরে রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে প্রবৃদ্ধি বৃদ্ধির প্রায় ৪১ শতাংশ এসেছে উৎপাদনশিল্প বা ম্যানুফ্যাকচারিং খাত থেকে। দুই মেয়াদের সামগ্রিক প্রবৃদ্ধির ব্যবধানের মধ্যে এ খাতের অবদান ছিল ০.৪৬২৭ শতাংশীয় পয়েন্ট। প্রথম মেয়াদে উৎপাদনশিল্পের গড় প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৭৬ শতাংশ। পরবর্তী মেয়াদে তা বেড়ে দাঁড়ায় ১২ দশমিক ১১ শতাংশে।

এ ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে মাঝারি ও বৃহৎ শিল্প। কমিটির হিসাব অনুযায়ী, উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি বৃদ্ধিতে এ শ্রেণির প্রতিষ্ঠানের অবদান প্রায় ৭৯ শতাংশ। একই সময়ে জিডিপিতে মাঝারি ও বৃহৎ শিল্পের অংশ ১৫ দশমিক ১৬ শতাংশ থেকে বেড়ে ১৮ দশমিক ২৫ শতাংশে উন্নীত হয়। অন্যদিকে ক্ষুদ্র শিল্পের প্রবৃদ্ধি ৬ দশমিক ৮৫ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছালেও সামগ্রিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে তাদের অবদান ছিল তুলনামূলকভাবে কম।

পোশাক খাতে গতি কম, অন্য শিল্পে অস্বাভাবিক উল্লম্ফন

প্রতিবেদনে উৎপাদনশিল্পের বিভিন্ন উপখাতের প্রবৃদ্ধির হিসাবেও বড় ধরনের অসংগতি চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের প্রবৃদ্ধি কমলেও অন্য কয়েকটি শিল্পে অস্বাভাবিক উল্লম্ফন দেখানো হয়েছে।

শিল্প উৎপাদনের কোয়ান্টাম ইনডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (কিউআইআইপি)-এ তৈরি পোশাক খাতের ওজন ৩৪ দশমিক ৮৪ শতাংশ। অথচ প্রথম মেয়াদে এ খাতের গড় প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৫৫ শতাংশ, যা দ্বিতীয় মেয়াদে কমে দাঁড়ায় ৮ দশমিক ৬৯ শতাংশে। বিপরীতে উৎপাদনশিল্পের ২২টি উপখাতের মধ্যে ১৬টিতে প্রবৃদ্ধির বড় উল্লম্ফন দেখানো হয়েছে।

এর মধ্যে সিমেন্ট ও ইট উৎপাদনসংশ্লিষ্ট অন্যান্য অধাতব খনিজ খাতের প্রবৃদ্ধি ২ দশমিক ৩২ শতাংশ থেকে বেড়ে ২৫ দশমিক ৬৭ শতাংশে পৌঁছায়। টেক্সটাইল খাতের প্রবৃদ্ধিও প্রায় শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ১৪ শতাংশ দেখানো হয়। এ ছাড়া পরিবহন সরঞ্জাম, যন্ত্রপাতি ও ইলেকট্রনিকস খাতের প্রবৃদ্ধিতে যথাক্রমে ৩৮ দশমিক ৯, ৩০ ও ২৮ দশমিক ৩ শতাংশীয় পয়েন্টের পরিবর্তন দেখা যায়।

কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, এসব খাতের প্রবৃদ্ধির পেছনে প্রকৃত উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তথ্য সংগ্রহ ও হিসাব পদ্ধতির দুর্বলতা কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। শিল্প উৎপাদনের সূচক তৈরিতে কিছু ক্ষেত্রে একটি বা সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতে পুরো উপখাতের প্রবৃদ্ধি হিসাব করা হয়েছে।

উদাহরণ হিসেবে পেট্রোলিয়াম পরিশোধন খাতের কথা উল্লেখ করেছে কমিটি। এ খাতে ২০১৫-১৬ অর্থবছরে ৮৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি দেখানোর পর পরবর্তী বছরেই তা ঋণাত্মক ৫০ দশমিক ৩ শতাংশে নেমে যায়। এ হিসাব তৈরিতে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারির তথ্যের ওপর অতিরিক্ত নির্ভরতা ছিল।

জাহাজ নির্মাণশিল্পেও অস্বাভাবিক প্রবৃদ্ধির চিত্র পাওয়া গেছে। ২০১৪-১৫ অর্থবছরে এ খাতের উৎপাদন বৃদ্ধির হার দেখানো হয় ২৪২ দশমিক ৪ শতাংশ। পরের বছরেও তা ছিল ৯৭ দশমিক ৬ শতাংশ। কমিটির মতে, একটি বড় সামরিক বা রপ্তানি আদেশের প্রভাব পুরো শিল্পের উৎপাদন বৃদ্ধির হিসাবে যুক্ত হলে প্রকৃত চিত্র বিকৃত হওয়ার আশঙ্কা থাকে।

সিমেন্টশিল্পের হিসাবেও ত্রুটির ঝুঁকি চিহ্নিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্লিংকার আমদানি, প্রকৃত মূল্য সংযোজন এবং মজুত পণ্যের সমন্বয় যথাযথভাবে বিবেচনা না করে উৎপাদনের হিসাব করা হলে প্রবৃদ্ধি অতিরঞ্জিত হওয়ার সুযোগ থাকে। অল্প কয়েকটি প্রতিষ্ঠানের প্রশাসনিক তথ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাও এ ধরনের অসংগতির কারণ হতে পারে।

উপদেষ্টা তিতুমীর বলেন, তৈরি পোশাক খাতে তথ্যের স্বচ্ছতা তুলনামূলক বেশি থাকায় বিকৃতির সুযোগ কম ছিল। তবে পেট্রোলিয়াম পরিশোধন, জাহাজ নির্মাণ ও সিমেন্টের মতো কয়েকটি খাতে অস্বাভাবিক উৎপাদন ও মূল্য সংযোজন দেখিয়ে সামগ্রিক শিল্পের প্রবৃদ্ধি বাড়িয়ে উপস্থাপন করা হয়েছে।

আগেও প্রশ্ন উঠেছে পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিয়ে

দেশের জিডিপি প্রবৃদ্ধি ও জাতীয় আয় হিসাবের নির্ভরযোগ্যতা নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও গবেষকেরা আগেও প্রশ্ন তুলেছেন। বিশ্বব্যাংকের ২০২২ সালের একটি বিশ্লেষণে স্যাটেলাইট থেকে পাওয়া রাতের আলোর তথ্য ব্যবহার করে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রবৃদ্ধি পর্যালোচনা করা হয়। এতে সরকারি হিসাবের সঙ্গে বিকল্প সূচকের উল্লেখযোগ্য ব্যবধানের বিষয়টি উঠে আসে।

২০২৪ সালের হোয়াইট পেপার কমিটির পর্যালোচনাতেও ২০১২-১৩ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে প্রশ্ন তোলা হয়। কর আদায়, বেসরকারি বিনিয়োগ ও ব্যাংকঋণের তথ্যের সঙ্গে ঘোষিত প্রবৃদ্ধির অসংগতির বিষয়টি সেখানে উল্লেখ করা হয়েছিল।

এ ছাড়া ২০২৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মূল্যায়নে বাংলাদেশের জাতীয় হিসাব সংকলন কাঠামোকে ‘সি’ গ্রেড দেওয়া হয়। জাতীয় হিসাব প্রকাশে দীর্ঘসূত্রতাকেও কাঠামোগত দুর্বলতা হিসেবে চিহ্নিত করে সংস্থাটি। ২০২৫ সালের বিশেষজ্ঞ টাস্কফোর্সের পর্যালোচনায় জাতীয় হিসাব প্রণয়নে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার অভাব এবং মন্ত্রণালয়কেন্দ্রিক প্রাক্কলন ব্যবস্থার কারণে রাজনৈতিক প্রভাব বিস্তারের ঝুঁকির বিষয়টি উঠে আসে।

জাতীয় হিসাব প্রণয়নে স্বাধীনতার সুপারিশ

বিশেষজ্ঞ কমিটির মতে, জিডিপি প্রবৃদ্ধি ও জাতীয় আয়ের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে জাতীয় হিসাব প্রণয়ন ও প্রকাশের পুরো প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন। এ জন্য তথ্য সংগ্রহ, যাচাই, সংকলন ও প্রকাশের ক্ষেত্রে বিবিএসের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও স্বাধীনতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি শিল্প খাতের উপাত্ত সংগ্রহে নির্ভরযোগ্য উৎস নিশ্চিত করা, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং হিসাবের পদ্ধতি ও তথ্যের উৎস সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সেমিনারে উপদেষ্টা তিতুমীর বলেন, বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা বা অডিটে কোনো ধরনের প্রশাসনিক কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। বিআইডিএসের গবেষক ও স্বাধীন বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক ও পেশাদার পদ্ধতিতে পিয়ার রিভিউয়ের মাধ্যমে কাজটি সম্পন্ন করেছেন।

তিনি বলেন, ভবিষ্যতে এমন একটি পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার, যেখানে সরকার পরিবর্তন হলেও তথ্যের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন থাকবে। তাঁর ভাষায়, ‘আমাদের কাছে জিডিপি কোনো সংখ্যা বা রাজনৈতিক হাতিয়ার নয়, জিডিপির সত্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পরিসংখ্যান জনগণের, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের নয়।’

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. মাহবুব উল্লাহ এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি ড. সৈয়দ শাহাদৎ হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...