জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা কমানো, সহজ শর্তে ও দ্রুত অর্থায়ন নিশ্চিত করা এবং জলবায়ু পরিকল্পনাকে বাস্তব বিনিয়োগে রূপ দেওয়ার জোরালো আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ। জলবায়ু অর্থায়নের বিদ্যমান ব্যবস্থাকে আরও সহজ, ন্যায্য ও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি অর্থায়ন যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, সেই তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা।
শনিবার কপ৩১-এর ষষ্ঠ দিনে আন্তালিয়া এক্সপো সেন্টারের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে অর্থ ও বাণিজ্য দিবসের আলোচনায় সরকার, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন ব্যাংক ও বেসরকারি খাতের প্রতিনিধিরা জলবায়ু অর্থায়নের প্রতিবন্ধকতা দূর করে বাস্তব প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন।
ঋণ ও জলবায়ু দুর্যোগের দুষ্টচক্রে উন্নয়নশীল দেশ
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বলেন, অনেক উন্নয়নশীল দেশ ঋণ, জলবায়ু দুর্যোগ এবং বিপুল মূলধনী ব্যয়ের এক দুষ্টচক্রে আটকা পড়েছে। বন্যা, দাবানল, ঝড় ও খরার মতো দুর্যোগের আশঙ্কা এসব দেশের অর্থনীতির ওপর আগাম চাপ তৈরি করছে; ফলে দুর্যোগ আঘাত হানার আগেই ঋণের ব্যয় বেড়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, জলবায়ু অর্থায়নের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণের পর এখন তা বাস্তবায়নের সময়। অর্থায়ন ব্যবস্থাকে আরও সহজ ও ন্যায্য করতে হবে, যাতে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলো দ্রুত এবং সাশ্রয়ী অর্থায়ন পেতে পারে। বিনিয়োগ বাড়লেও তা আরও বেশি দেশ ও মানুষের কাছে পৌঁছানো জরুরি।
বাস্তবায়নই এখন কপ৩১-এর বড় চ্যালেঞ্জ
কপ৩১-এর প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু উচ্চাকাঙ্ক্ষা ও বাস্তবায়নের মধ্যে যে বড় ব্যবধান রয়েছে, তা পূরণ করতে হবে। মেলবন্ধন তৈরির মাধ্যমে দেশগুলোর জাতীয় অগ্রাধিকারকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপান্তর এবং প্রয়োজনীয় অর্থায়ন, সক্ষমতা ও অংশীদারত্ব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সব মিলিয়ে কপ৩১-এর অর্থ ও বাণিজ্য দিবসের আলোচনায় একটি বিষয় স্পষ্ট হয়েছে—জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু নতুন প্রতিশ্রুতি যথেষ্ট নয়, প্রয়োজন প্রতিশ্রুতির বাস্তবায়ন। বিশেষ করে উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন, অনুদান বৃদ্ধি, ঋণের চাপ কমানো এবং বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এখন বৈশ্বিক জলবায়ু আলোচনার অন্যতম প্রধান দাবি।
জলবায়ু পরিকল্পনা বাস্তবায়নে নতুন উদ্যোগ
জলবায়ু প্রতিশ্রুতিকে বাস্তব বিনিয়োগে রূপ দিতে কপ৩১ প্রেসিডেন্সির অন্যতম উদ্যোগ হিসেবে এগিয়ে নেওয়া হচ্ছে ‘ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন সেতু’ প্ল্যাটফর্ম। নতুন করে চিলি, লেবানন, মেক্সিকো ও জাম্বিয়া এই উদ্যোগে যুক্ত হয়েছে। এর আগে ইথিওপিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও উজবেকিস্তান প্রথম দল হিসেবে এতে যুক্ত হয়েছিল।
উদ্যোগটির মূল লক্ষ্য হলো দেশগুলোর জাতীয় জলবায়ু অগ্রাধিকারকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপান্তর করা এবং প্রয়োজনীয় অর্থায়ন, কারিগরি সহযোগিতা ও বাস্তবায়নকারী অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপন করা।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক আলেকজান্ডার ডি ক্রু বলেন, দেশগুলোর জলবায়ু পরিকল্পনা রয়েছে, বিনিয়োগকারীদের কাছেও অর্থ আছে। এই প্ল্যাটফর্ম বা সেতুটি এই দুইয়ের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করবে। ইউএনডিপি ১৭০টি দেশে তাদের মাঠপর্যায়ের উপস্থিতি ও টেকসই অর্থায়নসংক্রান্ত দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোগটি বাস্তবায়নে সহায়তা করবে। এর সফলতা পরিমাপ করা হবে নিরাপদ জনগোষ্ঠী, নির্ভরযোগ্য পরিচ্ছন্ন জ্বালানি এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে।
এদিকে মেলবন্ধনের উদ্যোগকে সহায়তা দিতে তুরস্কের অর্থ ও কোষাগার মন্ত্রণালয়, পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএনডিপির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্ল্যাটফর্মটি চালু করতে তুরস্ক ৩ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।
অভিযোজন ও নগর সহনশীলতায় বাড়ছে বিনিয়োগের তাগিদ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় শহরগুলোর সক্ষমতা বাড়াতে গুরুত্ব দেওয়া হয়েছে ‘সাসটেইনেবল আরবান রেজিলিয়েন্স ফাইন্যান্সিং ফ্যাসিলিটি’ (SURFF) উদ্যোগে। এটি নতুন কোনো তহবিল নয়; বরং বিদ্যমান অর্থায়ন, কারিগরি দক্ষতা ও বাস্তবায়ন সহায়তাকে সমন্বিত করে শহরগুলোর জলবায়ু সহনশীলতা বাড়ানোর একটি কাঠামো।
তুরস্কের ইলব্যাংকের মহাপরিচালক আইয়ুপ কারাহান বলেন, তুরস্কে শুরু হওয়া এই মডেল ভবিষ্যতে অন্য দেশেও অনুসরণ করা সম্ভব হবে। পৌর অর্থায়ন ও অবকাঠামো উন্নয়নে ইলব্যাংকের দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের অর্থ ও প্রযুক্তিগত দক্ষতা যুক্ত করা হচ্ছে।
অন্যদিকে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলো অভিযোজন ও জলবায়ু সহনশীলতা খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সরকারি ও বেসরকারি অর্থায়ন সংগ্রহে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।
কপ৩১ বিজনেস ফোরামে ৪ হাজার প্রতিনিধি
তুরস্কের চেম্বারস অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ ইউনিয়ন (টিওবিবি) আয়োজিত দুই দিনব্যাপী কপ৩১ বিজনেস ফোরামে জলবায়ু অর্থায়ন ও বেসরকারি খাতের ভূমিকা বিশেষ গুরুত্ব পেয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৩টি অধিবেশনে প্রায় চার হাজার অংশগ্রহণকারী এবং ১০০ জন বক্তা এতে অংশ নেন।
টিওবিবির সভাপতি রিফাত হিসারচিকলিওগ্লু বলেন, জলবায়ু বিনিয়োগের অর্থায়ন, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, পরিবহন ও শিল্প খাতে বিদ্যুতায়ন, টেকসই কৃষি এবং শহরের জলবায়ু সহনশীলতা শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ফোরামে ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিনিধিরা জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।
উন্নয়ন ব্যাংকগুলোর একযোগে কাজ করার অঙ্গীকার
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি): এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, কপ৩১ প্রেসিডেন্সির বাস্তবায়নকেন্দ্রিক উদ্যোগকে স্বাগত জানায় এডিবি। দেশগুলোর অগ্রাধিকার অনুযায়ী প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এর মাধ্যমে জলবায়ু সহনশীলতা বাড়ানো, স্বল্প-কার্বন প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব।
ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (ইবিআরডি): ইবিআরডির প্রেসিডেন্ট ওদিল রেনো-বাসো বলেন, সবুজ রূপান্তর অর্থনৈতিক প্রবৃদ্ধি, দক্ষতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর বড় সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের গতি বাড়াতে হবে।
ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রে অভিযোজন অর্থায়ন মাত্র শূন্য দশমিক ২ শতাংশ
জলবায়ু অর্থায়নের অসম বণ্টন নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে কপ৩১-এর আলোচনায়। অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী এবং কপ৩১-এর আলোচনা সভাপতি ক্রিস বোয়েন বলেন, প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো জলবায়ু অর্থায়ন পেতে নানা বাধার মুখোমুখি হচ্ছে। বিশ্বের জলবায়ু অর্থায়নের মাত্র শূন্য দশমিক ২ শতাংশ ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর অভিযোজন খাতে যাচ্ছে। তিনি বলেন, জলবায়ু অর্থায়ন তখনই কার্যকর হবে, যখন এর সুফল সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছাবে।
এদিকে উন্নয়নশীল দেশগুলোর গ্রিন ব্যাংকিং সক্ষমতা বাড়াতে ‘গ্রিন ব্যাংক অ্যাক্সিলারেটর’ চালু করেছে অস্ট্রেলিয়ার ক্লিন এনার্জি ফাইন্যান্স করপোরেশন (সিইএফসি), ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল এবং সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন।
কৃষি ও তরুণ উদ্যোক্তাদের অর্থায়নেও গুরুত্ব
জলবায়ু সহনশীল কৃষি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তরুণ কৃষকদের অর্থায়নের সুযোগ বাড়ানোর বিষয়টিও আলোচনায় এসেছে। কপ৩১-এ ‘ব্যাক ফিউচার ফার্মার্স’ উদ্যোগের উদ্বোধনী আয়োজনে তরুণ, নীতিনির্ধারক, অর্থায়নকারী ও শিল্পপ্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় কৃষিভিত্তিক উদ্ভাবনী ধারণাকে বাণিজ্যিক উদ্যোগে রূপ দেওয়া এবং কৃষকদের মূলধন ও অর্থায়নের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

