১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

চলমান শ্রম অসন্তোষ ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে উৎপাদন কার্যক্রম সচল রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের এক জরুরি মতবিনিময় সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য জানান।

ব্রিফিংয়ে মাহমুদ হাসান বলেন, কারখানার অভ্যন্তরে কিছু বিপদগামী শ্রমিক বাইরের অপমহলের উসকানি ও পরিচালনায় নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা নিজেরা কাজ না করে অন্য শ্রমিকদেরও কাজে বাধা দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ তৈরি করছে। এমনকি কারখানা থেকে বের হয়ে দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে সেখানকার শ্রমিকদেরও বাইরে বের করে আনছে। এর ফলে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যভুক্ত ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে এবং বাকি ৯২টি কারখানা চালুর চেষ্টা করেও উৎপাদন পরিচালনা করতে পারেনি। এসব কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, বিজিএমইএ ও সরকারের অনুরোধে মালিকরা গত ১২ থেকে ১৪ দিন সর্বোচ্চ চেষ্টা করেও কারখানা সচল রাখতে পারেননি। শ্রম আইন অনুযায়ী কোনো বাণিজ্য সংগঠন এককভাবে কারখানা বন্ধ করতে পারে না; বরং সংশ্লিষ্ট কারখানাগুলো নিরাপত্তা ও উৎপাদন অনুকূল পরিবেশ না থাকায় আগামী ১৫ নভেম্বর থেকে আইনগত অধিকার প্রয়োগ করে কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে বলে মালিকরা জানিয়েছেন।

মজুরি বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বলেন, নিম্নতম মজুরি বোর্ড গঠিত হওয়ার পরও এমন অরাজক পরিস্থিতি তৈরি করে মালিকপক্ষকে চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরির চেষ্টা করা হচ্ছে অথবা এর পেছনে অন্য কোনো অভিসন্ধি রয়েছে। কারখানার সার্বিক সুরক্ষা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে আলোচনার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ বলে সভায় অংশগ্রহণকারী প্রায় দেড় হাজার সদস্য মত দিয়েছেন। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিতব্য মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ অংশ নেবে এবং তাদের প্রস্তাব জমা দেবে বলে তিনি নিশ্চিত করেন।

সংকট উত্তরণে শ্রমিক ফেডারেশনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর ছিল না উল্লেখ করে তিনি বলেন, মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না। এ সময় তিনি আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন এবং শিল্প রক্ষায় মালিক, শ্রমিক, সরকার ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...