পাকিস্তানের ওপর নির্ভরতা কাটাতে চায় আফগানিস্তান, চীন সীমান্ত পর্যন্ত সড়ক নির্মাণ

পাকিস্তানের ওপর নির্ভরতা কাটাতে চায় আফগানিস্তান, চীন সীমান্ত পর্যন্ত সড়ক নির্মাণ
উত্তর-পূর্ব আফগানিস্তানের বাদাখশান প্রদেশে পর্বতমালা। ছবি: আলজাজিরা

আফগানিস্তানের ওয়াখান করিডোর দিয়ে চীনের সীমান্ত পর্যন্ত সড়ক নির্মাণ সম্পন্ন করেছে তালেবান সরকার। গত ৪ অক্টোবর সড়কটি উদ্বোধন করা হলেও এখনো চীনের সঙ্গে কোনো বাণিজ্যিক সীমান্তপথ চালু হয়নি। প্রায় চার হাজার ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত ওয়াখজির গিরিপথ বছরের অন্তত পাঁচ মাস বরফে বন্ধ থাকে। এ পথে এখনো কোনো আনুষ্ঠানিক সীমান্ত তল্লাশিচৌকিও নেই।

আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, ৩৬ কোটি ৫০ লাখ আফগানি ব্যয়ে দুই ধাপে সড়কটি নির্মাণ করা হয়েছে। তবে এটি মূলত নুড়ি-পাথর বিছানো একটি কাঁচা সড়ক। প্রকল্পে চীনের কোনো অর্থায়নের তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

প্রায় ৩৫০ কিলোমিটার দীর্ঘ ওয়াখান করিডোর আফগানিস্তানের বাদাখশান প্রদেশের একটি দুর্গম অঞ্চল। এর উত্তরে তাজিকিস্তান, দক্ষিণে পাকিস্তান এবং পূর্ব প্রান্তে চীন। উনিশ শতকে ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের ভূরাজনৈতিক প্রতিযোগিতার ফলে অঞ্চলটির বর্তমান সীমানা নির্ধারিত হয়। ১৯৬৩ সালে আফগানিস্তান ও চীন নিজেদের সীমান্ত চূড়ান্ত করে।

২০০৯ সালে প্রথমবারের মতো এ করিডোর দিয়ে সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে দুর্গম ভূপ্রকৃতি ও নিরাপত্তাঝুঁকির কারণে প্রকল্পটি এগোয়নি। ২০১৯ সালে আফগানিস্তান সড়ক নির্মাণ শুরু করলেও ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর কাজ স্থগিত হয়ে যায়। ২০২৩ সালের সেপ্টেম্বরে তালেবান সরকার আবার নির্মাণকাজ শুরু করে। ২০২৫ সালের মার্চে ৭১ কিলোমিটার সড়কের দ্বিতীয় পর্যায়ের কাজের চুক্তি হয়।

তালেবান সরকারের লক্ষ্য, ওয়াখান করিডোরকে চীন ও মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের নতুন পথ হিসেবে গড়ে তোলা। এর মাধ্যমে পাকিস্তানের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্যপথ তৈরি করতে চায় কাবুল।

তবে চীনের কাছে অর্থনৈতিক সম্ভাবনার চেয়ে নিরাপত্তার বিষয়টিই বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে চায় বেইজিং। ২০২৫ সালের আগস্টে কাবুল সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওয়াখান করিডোরে দুই দেশের যৌথ সীমান্ত টহল পুনরায় শুরুর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানান।

আফগানিস্তানের কর্মকর্তাদের দাবি, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে তালেবান সক্ষম। তবে চীনের পক্ষ থেকে বাণিজ্যের জন্য সীমান্ত খুলে দেওয়ার কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।

ওয়াখান করিডর নিয়ে পাকিস্তান ও ইরানেরও কৌশলগত আগ্রহ রয়েছে। পাকিস্তানের ওপর নির্ভরতা কমাতে চায় আফগানিস্তান। অন্যদিকে, ইরানও আফগানিস্তানের মধ্য দিয়ে চীনের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ প্রতিষ্ঠার সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে। তবে বেইজিং এখনো পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডর সম্প্রসারণের বিষয়েই বেশি আগ্রহ দেখাচ্ছে।

এদিকে বাদাখশান প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। ফলে নতুন সড়কটির নিরাপত্তা ও ভবিষ্যৎ কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে।

বিশ্লেষকদের মতে, ওয়াখান করিডোর চালু হলে দক্ষিণ, পূর্ব ও মধ্য এশিয়ার মধ্যে নতুন বাণিজ্যিক সংযোগ তৈরি হতে পারে। এমনকি ভবিষ্যতে রেলপথ নির্মাণের সম্ভাবনাও রয়েছে। তবে চীনের নিরাপত্তা উদ্বেগ, আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং আফগানিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা কাটিয়ে সীমান্ত বাণিজ্য চালু করাই এখন বড় চ্যালেঞ্জ।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...