মুরগির পা

মুরগির পা

মাটির চুলায় দাউ-দাউ করে আগুন জ্বলছে। আগুনের শিখা কখনো কখনো চুলার মুখ ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসছে। তাহেরা বেগম একটা লাকড়ি দিয়ে জ্বলন্ত কাঠগুলো চুলার ভেতরের দিকে ঠেলে দিলেন।

বয়স হয়েছে। আগের মতো এখন আর বেশিক্ষণ চুলার সামনে বসে থাকতে পারেন না। তবু আজ ছেলের বউ ময়নার অনুরোধে রান্না করতে বসেছেন। সকালে বাজার থেকে মুরগি কিনে এনেছে বড় ছেলে আসাদ। ময়না মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুত করে রেখেছে। পাশাপাশি মসলাপাতি বেটে সব গুছিয়ে দিয়ে শাশুড়ির কাছে আবদার করেছে—‘মা, আজ আপনি রান্না করেন! আমি সব গুছিয়ে দিয়েছি।’

বিজ্ঞাপন

ছেলেবউর আবদার ফেলতে পারেন না তাহেরা বেগম। তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে বসেছেন মাটির চুলার সামনে।

কড়াইয়ে তেল গরম হয়ে এসেছে। পেঁয়াজ, রসুন আর মসলার ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারদিকে। মসলা কষানো শেষ হলে পাশে রাখা গামলা থেকে মাংসগুলো কড়াইয়ে ঢালতে গেলেন তাহেরা বেগম। ঠিক তখনই তার চোখ আটকে গেল গামলার ভেতর। মুরগির দুইটা পা! হঠাৎ তার হাত থেমে গেল। কয়েক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে রইলেন পা দুটোর দিকে। তারপর কী মনে করে সেগুলো তুলে উঠানের দিকে ছুড়ে ফেলে দিলেন। পাশেই দাঁড়িয়ে ছিল ময়না। প্রায় চিৎকার করে উঠল, ‘এ কী করলেন মা! মুরগির পা দুইটা ফেলে দিলেন কেন?’

তাহেরা বেগম কোনো উত্তর দিলেন না। গামলার বাকি মাংসগুলো কড়াইয়ে ঢেলে নাড়তে লাগলেন।

‘মা, আপনি জানেন, ফার্মের মুরগির পা খেতে কত মজা? আমার তো খুবই পছন্দ। এ বাড়িতে আসার পর থেকে দেখছি, আপনার ছেলেরা বাজার থেকে সব সময় পা ছাড়া মুরগি নিয়ে আসে। তাই আজ আমি আপনার ছেলেকে বলেছিলাম, পা দুইটা যেন ফেলে না দেয়। অথচ আপনি সেগুলো ফেলে দিলেন!’

তাহেরা বেগম চুপ করে রইলেন।

চুলার আগুন তখনো জ্বলছে। কড়াইয়ে মাংস কষানোর শব্দ হচ্ছে। কিন্তু তাহেরা বেগম যেন কিছুই শুনতে পাচ্ছেন না। তার চোখের সামনে ভেসে ওঠে একটি কোমল মুখ, একজোড়া করুণ দৃষ্টি!

‘মা! মা!’

ময়নার ডাকে চমকে উঠলেন তাহেরা বেগম।

‘কী হয়েছে, মা? আপনি কাঁদছেন কেন?’

তাহেরা বেগম বুঝতে পারেন, কখন যেন তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়েছে। চুলার আগুন অনেকটা নিভে এসেছে। মাংস কড়াইয়ে পড়ে আছে। নাড়াচাড়া না করায় নিচের মসলা লেগে যাচ্ছে। ময়না তাড়াতাড়ি এগিয়ে গিয়ে খুন্তি দিয়ে মাংস নাড়তে লাগল।

ময়নার বিয়ে হয়েছে তিন মাস হতে চলল। শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক খুব একটা গভীর না হলেও খারাপ না। শান্ত নির্বিরোধী মানুষটিকে ঠিকমতো বুঝতে পারে না সে। বোঝার চেষ্টাও করে না। তার বয়স সবে ঊনিশ। এই বয়সে সংসারের মানুষের মনের গভীরে জমে থাকা দুঃখ-কষ্ট বোঝার মতো পরিপক্বতা এখনো তার আসেনি।

‘মা, কী হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে?’ আবার জিজ্ঞেস করে ময়না।

তাহেরা বেগম মাথা নাড়লেন; অর্থাৎ, শরীর খারাপ না।

কিছুক্ষণ পর মৃদুকণ্ঠে বললেন, ‘আমার একটা মেয়ে ছিল, জানো?’

ময়না অবাক হয়ে তাকাল।

‘মেয়ে? আপনি তো কখনো বলেননি! আপনার ছেলেও বলেনি আমায়!’

‘ছিল মা। আমার দুই ছেলের বড় ছিল সে। নাম ছিল রেণু।’

‘কোথায় সে?’

তাহেরা বেগম উত্তর দিতে পারলেন না। তার বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।

আঁচল দিয়ে চোখ মুছলেন তিনি। তার চোখের সামনে ভেসে উঠল বহু বছর আগের এক দুপুর।

তখন সংসারে বড় অভাব। স্বামী বাজারে ভ্যান চালাতেন। তার সামান্য আয়ে পাঁচজন মানুষের সংসার চালানোই কঠিন ছিল। ভালো কিছু খাওয়া বলতে উৎসবের দিন কিংবা মাসে একবার ফার্মের একটা মুরগি। নিজেদের কোনো ঘরবাড়িও ছিল না। ভাড়া থাকতেন অন্যের বাড়িতে।

তাহেরা বেগমের তিন সন্তান। সবার বড় মেয়ে রেণু। তারপর দুই ছেলে। একসময় এই সংসারে রেণুই ছিল একমাত্র সন্তান। বাবা-মায়ের চোখের মণি। সে সময় মুরগি রান্না হলে বাবা আর মেয়ে দুজনেই পেত মুরগির দুই রান। রেণু খুব আনন্দ করে রানটা খেত। ছোটবেলায় তার ধারণা ছিল, মুরগি রান্না হলে একটা রান তার জন্য থাকবেই। কিন্তু প্রথম ভাইটি জন্মের পর সেই নিয়ম বদলে গেল।

ভাইয়ের বয়স যখন তিন বছরের মতো, তখন একদিন মুরগি রান্না করে মা রেণুর পাতে রানটা না দিয়ে ছোট ভাইয়ের পাতে তুলে দিলেন। রেণু অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, ‘মা, আমার রান কই?’

‘তুমি তো এতদিন খাইছো। ভাই ছোট। অহন অরে খাইতে দাও। তোমারে অন্য মাংস দিতাছি।’

রেণু আর কিছু বলেনি। তারপর দ্বিতীয় ভাই হলো। একসময় সেও ভাত খেতে শিখল। সংসারে অভাবও বাড়তে লাগল। এখন আর প্রতি মাসে মুরগি রান্না হয় না। রান্না হয় দু-তিন মাসে একবার। তবে রান্নার পর ভালো মাংসগুলো চলে যেত বাবা আর দুই ভাইয়ের পাতে। রেণুর ভাগে আর কখনো মুরগির রান পড়েনি। কখনো ডানা, কখনো গলা, কখনোবা ছোট দু-এক টুকরা মাংস।

একসময় এমন অবস্থা হলো, ছেলেদের পাতে ভালো মাংস তুলে দেওয়ার পর মা আর মেয়ের জন্য পড়ে থাকত মুরগির দুটো পা, কিছু হাড়গোড় আর ঝোল। তাহেরা বেগম নিজের পাতে একটা পা নিতেন, অন্যটা দিতেন রেণুকে।

প্রথম প্রথম রেণুর মন খারাপ হতো। ভাইয়েরা যখন মাংসের বড় বড় টুকরো চিবিয়ে খেত, সে আড়চোখে তাদের পাতের দিকে তাকাত, তারপর নিজের পাতের দিকে। এরপর ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে গেল। মুরগির পায়ের চামড়া আর নরম অংশগুলো দাঁত দিয়ে ছাড়িয়ে খেতে শিখল। হাড়ের ফাঁকে লেগে থাকা নরম মাংসটুকুও তার কাছে সুস্বাদু মনে হতে লাগল।

এভাবে একসময় মুরগির পা-ই তার প্রিয় হয়ে উঠল। সে ধরেই নিল, ভাইয়েরা যেহেতু রান খায়, তাই পা খাওয়ার অধিকার একমাত্র তার।

দু-তিন মাস পর কোনোদিন মুরগি রান্না হলে সে অধীর আগ্রহে অপেক্ষা করত—কখন মা তার থালায় একটা পা তুলে দেবেন।

তবে সেই সামান্য সুখটুকুও বেশিদিন স্থায়ী হলো না।

একদিন দুপুরে মা আর মেয়ে বসে ভাত খাচ্ছে। রেণুর পাতে একটা মুরগির পা, তাহেরা বেগমের পাতেও একটা।

এমন সময় ছোট ছেলে মাসুদ এসে মায়ের পাতের দিকে তাকিয়ে বলল, ‘মা, তুমি কী খাইতাছো?’

‘মুরগির পা।’

‘এইটা খাওয়া যায়?’

‘যাবে না কেন? খুব মজা।’

‘আমারে একটু দাও না!’

মা নিজের পাত থেকে পা-টা তুলে ছেলের হাতে দিলেন।

মাসুদ খেয়ে বেশ মজা পেল।

‘মা, এটা তো অনেক মজা! আমারে আরেকটা দাও।’

‘আর তো নাই, বাবা। ওই যে তোমার বইনে খাইতাছে।’

মাসুদ বোনের পাতের দিকে তাকিয়ে দেখল। রেণু তখন মাথা নিচু করে নিজের খাবার খাচ্ছিল।

পরের বার মুরগি জবাই করার সময় মাসুদ আগেভাগেই মাকে বলে রাখল—‘মা, মুরগির পা কিন্তু আমি খাব।’

তার কথা শুনে বড় ভাই আসাদও বায়না ধরল—‘আমিও খাব! আমার জইন্যও একটা রাইখো।’

দুই ভাইয়ের আবদার শুনে তাহেরা বেগম তাদের জন্য দুটো পা আলাদা করে রাখলেন।

খেতে গিয়ে রেণু অবাক হয়ে দেখল, তার পাতে আজ আর মুরগির পা নেই। আছে গলা, ডানা, বুকের খাঁচা আর ছোট এক টুকরা মাংস।

‘মা, আমার পা কই?’

‘তোমার ভাইয়েরা খাইতে চাইছে। অগো দিছি। তুমি তো বড়, অরা তোমার ছুডো ভাই।’

‘ওরা রান খায়, পা তো আমার। তাহলে আমি কী খাব?’

‘এই তো তোমারে গলা দিছি, ডানা দিছি, মাংসের টুকরাও আছে একটা। খাইয়া লও।’

রেণুর খুব মন খারাপ হলো। সেদিন তার গলা দিয়ে ভাত নামতে চাইছিল না। বারবার চোখ ভিজে উঠেছিল। তার মনে হচ্ছিল, এই পরিবারে সে যেন কেউ নয়। একসময় মুরগির রান পেত, সেটি ভাইদের হয়ে গেল। পরে একটা পা পেত, এখন সেটিও ভাইদের! অথচ ভাইদের কখনো নিজের পছন্দের খাবার ছেড়ে দিতে হয় না। কিন্তু এসব নিয়ে প্রশ্ন করার সাহস তার ছিল না।

***

সেদিন ছিল শবে বরাত।

তাহেরা বেগম ছোটবেলা থেকেই দেখে এসেছেন, এই দিনটিতে বাড়িতে বাড়িতে রুটি, হালুয়া আর মাংস রান্না হয়। অভাবের সংসারে কষ্ট করে হলেও নিয়মটি নিজে পালন করে এসেছেন এতদিন। তবে এবারই প্রথম স্বামী বাজার থেকে কেবল একটি মুরগি নিয়ে ফিরেছেন; আটা, সুজি, চিনি—কিছুই আনেননি। ফলে সকাল থেকেই তাহেরা বেগমের মেজাজ ভালো নেই। সংসারের অভাব-অনটন, ছেলেমেয়েদের নানা বায়না আর সারা দিনের কাজের চাপে তিনি তিক্ত-বিরক্ত হয়ে আছেন।

দুপুরে কেবল মোটা চালের ভাত, খেসারির ডাল আর মুরগির মাংস রান্না করেছেন। রান্না শেষ করে কড়াইটা চুলার ওপর রেখে পুকুরে গোসল করতে গেলেন।

পুকুরে আরো কয়েকজন মহিলা এসেছিলেন গোসল করতে। গোসলের ফাঁকে তারা গল্প করছিলেন—শবেবরাতে কে কী আয়োজন করছেন, সেসব নিয়ে। কারো বাড়িতে গরুর মাংস আর চালের রুটি; কারো বাড়িতে মুরগির মাংস, রুটি ও বুটের হালুয়া; কেউবা রান্না করছেন খাসির মাংস, পোলাও আর হালুয়া-রুটি।

এসব শুনতে শুনতে তাহেরা বেগমের মেজাজ আরো তিরিক্ষি হয়ে উঠল। দ্রুত গোসল শেষ করে বাড়ি ফিরে এলেন তিনি।

তারে ভেজা কাপড় মেলে দিয়ে ঘরে পা দিতেই মাসুদ ছুটে এসে মায়ের কানে কানে বলল, ‘মা, মা! আপু কড়াই থেকে মুরগির মাংস চুরি করে খাইছে!’

‘কী কইলি?’

‘হ মা, আমি নিজের চক্ষে দেখছি।’

তাহেরা বেগমের মাথায় আগুন ধরে গেল।

রেণু তখন উঠোনে দাগ কেটে এক টুকরো ভাঙা চাড়া দিয়ে এক্কাদোক্কা খেলছিল।

তাহেরা বেগম উচ্চকণ্ঠে মেয়েকে ডাকলেন—‘রেণু! এদিকে আয়!’

রেণু ভয়ে ভয়ে সামনে এসে দাঁড়াল।

‘তুই কড়াই থাইকা মাংস খাইছিস?’

রেণু মাথা নিচু করে রইল।

‘কথা কস না কেন? খাইছিস?’

‘খাইছি মা। তয় মাংস খাই নাই, খালি একটা পা খাইছি।’

‘আমারে না কইয়া খাইছিস ক্যান?’

রেণু কাঁপা গলায় বলল, ‘মা, আমার খুব খাইতে ইচ্ছা করছিল।’

‘তাই বইলা চুরি কইরা খাবি?’

রেণু অসহায় দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। চোখ দুটো তার ছলছল করছে।

‘মা, ভাইয়েরা তো সব ভালো মাংস খায়। আমি তো খালি একটা পা খাইছি।’

কথাটা শুনে তাহেরা বেগমের রাগ আরো বেড়ে গেল।

‘চুরি কইরা আবার মুখে মুখে তর্ক করতাছিস?’

মেয়েকে মারতে শুরু করলেন তাহেরা বেগম।

রেণু কাঁদতে কাঁদতে বলল, ‘মা, আর খাব না। আমারে মাইরো না, মা। আমি আর কোনোদিন খাব না।’

কিন্তু সেদিন তাহেরা বেগম নিজেকে সামলাতে পারলেন না। রাগের মাথায় মেয়েকে অনেক মারলেন। অনেক বকাঝকাও করলেন।

রেণু কাঁদতে কাঁদতে নিজের ঘরে গিয়ে বসে রইল। সেদিন দুপুরে সে আর ভাত খেতে আসেনি। মা একবারও তাকে ডাকলেন না। ভেবেছিলেন, রাগ কমলে নিজেই এসে খাবে।

এরপর স্বামী ও ছেলেদের খাইয়ে রেণুকে ডাকতে গেলেন তাহেরা বেগম।

ঘরে ঢুকে দেখলেন, খাটের পাশে ঘরের আড়া থেকে ঝুলছে রেণুর নিথর দেহ!

মেয়ের মৃত্যুর পর অনেক দিন স্বাভাবিক হতে পারেননি তাহেরা বেগম।

বারবার তার মনে পড়ত সেদিনের কথা। মেয়ের ভয়ার্ত মুখ, কান্না আর সেই আকুতি—‘মা, আর কোনোদিন খাব না!’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...