যুক্তরাষ্ট্রের সমর্থন হারাচ্ছে ইসরাইল, কয়েক দশকের সম্পর্কে ফাটল

যুক্তরাষ্ট্রের সমর্থন হারাচ্ছে ইসরাইল, কয়েক দশকের সম্পর্কে ফাটল
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বামে) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এখন বড় ধরনের টানাপোড়েনের মুখে। কয়েক দশক ধরে মার্কিন রাজনীতিতে ইসরাইলের প্রতি যে দ্বিদলীয় সমর্থন ছিল, তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। গাজায় ইসরাইলি সামরিক অভিযান, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান—সব মিলিয়ে মার্কিন জনমত ও রাজনীতিতে ইসরাইল নিয়ে অসন্তোষ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইলকে দেওয়া বার্ষিক সামরিক সহায়তা বন্ধের ঘোষণাও দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া ফাটলের গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

জনমতে বড় পরিবর্তন

বিজ্ঞাপন

ইসরাইল সম্পর্কে মার্কিন নাগরিকদের মনোভাব যে দ্রুত বদলাচ্ছে, তার প্রমাণ পাওয়া গেছে পিউ রিসার্চ সেন্টারের ২০২৬ সালের জরিপে। ৭ এপ্রিল প্রকাশিত ওই জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্কের ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে। ২০২৫ সালে এ হার ছিল ৫৩ শতাংশ। ২০২২ সালে নেতিবাচক মনোভাব পোষণকারীর হার ছিল ৪২ শতাংশ।

একই জরিপে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিও অনাস্থা বাড়ার চিত্র উঠে এসেছে। ৫৯ শতাংশ মার্কিন নাগরিক জানিয়েছেন, আন্তর্জাতিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর তাদের আস্থা কম বা একেবারেই নেই। ২০২৫ সালে এ হার ছিল ৫২ শতাংশ।

তরুণদের মধ্যে ইসরাইলবিরোধী মনোভাব আরও বেশি। পিউর জরিপে দেখা গেছে, দুই প্রধান রাজনৈতিক দলেরই ৫০ বছরের কম বয়সী অধিকাংশ নাগরিক ইসরাইল ও নেতানিয়াহু সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। অর্থাৎ, ইসরাইল নিয়ে অসন্তোষ কেবল ডেমোক্র্যাটদের মধ্যে সীমাবদ্ধ নেই; তরুণ রিপাবলিকানদের মধ্যেও এর প্রভাব পড়ছে।

গ্যালাপের ২০২৬ সালের জরিপেও পরিবর্তনের বিষয়টি স্পষ্ট। ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত জরিপে দেখা যায়, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ৪১ শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল। বিপরীতে ইসরাইলিদের প্রতি বেশি সহানুভূতি জানিয়েছেন ৩৬ শতাংশ। ২০২৫ সালে চিত্রটি ছিল সম্পূর্ণ উল্টো—তখন ৪৬ শতাংশ ইসরাইলিদের এবং ৩৩ শতাংশ ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতি জানিয়েছিলেন।

২০০১ সাল থেকে দীর্ঘ সময় ধরে এ বিষয়ে ইসরাইলিরা মার্কিন জনমতে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিল। ২০২৬ সালে এসে সেই ব্যবধান শুধু কমেনি, বরং ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশকারীর সংখ্যা ইসরাইলিদের ছাড়িয়ে গেছে।

অন্যান্যদের সাথে পেছনে মাঝে  বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি-ফিন্যান্সিয়াল টাইমস
অন্যান্যদের সাথে পেছনে মাঝে বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি-ফিন্যান্সিয়াল টাইমস

সামরিক সহায়তা কমানোর পক্ষে সংখ্যাগরিষ্ঠ

ইসরাইলের প্রতি জনমতের পরিবর্তন এখন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নীতিতেও প্রভাব ফেলছে। শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের ৫ অক্টোবর প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ইসরাইলের প্রতি মার্কিন নাগরিকদের গড় অনুকূলতার স্কোর ১০০-এর মধ্যে ৪৪—১৯৭৮ সালে এ ধরনের জরিপ শুরু হওয়ার পর যা সর্বনিম্ন।

জরিপ অনুযায়ী, ৫৬ শতাংশ মার্কিন নাগরিক ইসরাইলকে দেওয়া সামরিক সহায়তা কমানো অথবা পুরোপুরি বন্ধ করার পক্ষে। এর মধ্যে ২১ শতাংশ সহায়তা কমাতে এবং ৩৫ শতাংশ সম্পূর্ণ বন্ধ করতে চান। বিপরীতে ৩৫ শতাংশ বর্তমান মাত্রায় সহায়তা অব্যাহত রাখার এবং ৮ শতাংশ তা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।

রাজনৈতিক পরিচয়ভেদে এ মতামতে বড় পার্থক্য রয়েছে। ডেমোক্র্যাট ও স্বতন্ত্র ভোটারদের মধ্যে সামরিক সহায়তা কমানো বা বন্ধ করার সমর্থন বেশি। রিপাবলিকানদের বড় অংশ অবশ্য এখনো ইসরাইলকে সহায়তা দেওয়ার পক্ষে। তবে সামগ্রিকভাবে মার্কিন জনমতে ইসরাইলের প্রতি সমর্থন কমে যাওয়ার প্রবণতা স্পষ্ট।

ট্রাম্পের সহায়তা বন্ধের ঘোষণা

এই পরিবর্তনের মধ্যে ৩ নভেম্বর ট্রাম্প ঘোষণা দেন, ২০২৭ সাল থেকে ইসরাইলকে বছরে প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বর্তমানে দুই দেশের মধ্যে ২০১৬ সালে স্বাক্ষরিত ১০ বছর মেয়াদি সমঝোতা অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইসরাইলকে মোট ৩৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ, বছরে গড়ে ৩৮০ কোটি ডলার। ট্রাম্পের ঘোষণায় এই সহায়তা নির্ধারিত মেয়াদের আগেই বন্ধ করার ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে ঘোষণাটির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, মার্কিন সামরিক সহায়তার অর্থ বরাদ্দের ক্ষমতা কংগ্রেসের হাতে। প্রেসিডেন্টের একক ঘোষণায় বিদ্যমান বরাদ্দ চুক্তি বাতিল করা সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ছাড়া দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার কাঠামো পরিবর্তন করে সরাসরি অর্থ সহায়তার বদলে প্রতিরক্ষা প্রযুক্তি ও অস্ত্র উৎপাদনে যৌথ অংশীদারত্ব বাড়ানোর আলোচনা রয়েছে।

নেতানিয়াহুর রাজনৈতিক কৌশলও দায়ী

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্কের অবনতির পেছনে শুধু গাজা যুদ্ধ বা সাম্প্রতিক ইরান সংঘাতই দায়ী নয়। নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলও এই দূরত্ব তৈরিতে ভূমিকা রেখেছে। একসময় যুক্তরাষ্ট্রের দুই প্রধান দল—ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয়ের কাছেই ইসরাইলের প্রতি সমর্থন ছিল প্রায় অভিন্ন অবস্থান। কিন্তু নেতানিয়াহু ক্রমে রিপাবলিকানদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সমন্বয় ছাড়াই মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়ে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিরোধিতা করেন তিনি। ওই ভাষণে ডেমোক্র্যাট প্রেসিডেন্টের নীতির প্রকাশ্য সমালোচনা করায় মার্কিন রাজনীতিতে বিষয়টি দলীয় বিরোধের অংশ হয়ে ওঠে।

এর ফলে ইসরাইল নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্তি বাড়ে। নেতানিয়াহুর ডানপন্থি ও কট্টর জাতীয়তাবাদী জোটের সঙ্গে ঘনিষ্ঠতা এবং রিপাবলিকানদের ওপর নির্ভরতা ইসরাইলের দীর্ঘদিনের দ্বিদলীয় সমর্থন দুর্বল করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। নেতানিয়াহুর রিপাবলিকানঘেঁষা কৌশল যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি ঐকমত্য ভাঙার অন্যতম কারণ।

এআইপ্যাকের প্রভাব নিয়েও প্রশ্ন

যুক্তরাষ্ট্রে ইসরাইলপন্থি অন্যতম প্রভাবশালী লবিং সংগঠন আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি—এআইপ্যাকের রাজনৈতিক প্রভাব নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে এআইপ্যাক ও এর সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনগুলো বিভিন্ন প্রার্থীর পক্ষে বিপুল অর্থ ব্যয় করে। তবে সংগঠনটি অনেক প্রার্থীকে নির্বাচিত করতে সহায়তা করলেও নির্বাচনী চক্রে ব্যয় করা অর্থের প্রায় দুই-তৃতীয়াংশই শেষ পর্যন্ত পরাজিত প্রার্থীদের পেছনে গেছে। কুইন্সি ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, এআইপ্যাক ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর ব্যয় করা প্রায় ৮ কোটি ৪০ লাখ ডলারের মধ্যে ৫ কোটি ৫০ লাখ ডলার গেছে পরাজিত প্রার্থীদের প্রচারে।

বিশেষ করে মিশিগানের সিনেট নির্বাচনে ইসরাইলপন্থি লবিংয়ের বড় পরাজয় ঘটে। এআইপ্যাক-সমর্থিত প্রার্থীরা বিপুল অর্থ ব্যয় করেও আবদুল আল-সাইয়েদের কাছে পরাজিত হন। আল-সাইয়েদ ইসরাইলের সামরিক অভিযানের সমালোচক এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন।

একসময় এআইপ্যাকের সমর্থন পাওয়া অনেক রিপাবলিকান প্রার্থীর জন্য প্রায় নিশ্চিত সুবিধা হিসেবে বিবেচিত হতো। কিন্তু এখন ‘আমেরিকা ফার্স্ট’ অবস্থানের তরুণ রিপাবলিকানদের মধ্যেও বিদেশি সংঘাতে যুক্তরাষ্ট্রের অর্থ ও সামরিক শক্তি ব্যবহারের বিরোধিতা বাড়ছে। ফলে এআইপ্যাকের অর্থ গ্রহণ করা কিছু প্রার্থীর জন্য রাজনৈতিক ঝুঁকি হয়ে উঠছে।

ডেমোক্র্যাটদের জয়, নীতিতে পরিবর্তনের সম্ভাবনা

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনে জয়ী অনেক প্রার্থী ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন এবং ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের সমালোচনা করেছেন।

নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় ইসরাইলকে দেওয়া সামরিক সহায়তা, পশ্চিম তীরে সহিংসতা এবং গাজা পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনে আরও কঠোর আলোচনা ও তদন্তের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা থাকায় কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেলেই ট্রাম্প প্রশাসনের নীতিতে বড় পরিবর্তন আনা সহজ হবে না।

যুক্তরাষ্ট্রের ইহুদি জনগোষ্ঠীর মধ্যেও ইসরাইল প্রশ্নে প্রজন্মগত বিভাজন দেখা যাচ্ছে। জে স্ট্রিটের জরিপে দেখা যায়, ১৮ থেকে ৩৪ বছর বয়সী মার্কিন ইহুদিদের ৪৯ শতাংশ ইসরাইলিদের তুলনায় ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল। বিপরীতে এই বয়সীদের ২০ শতাংশ ইসরাইলিদের প্রতি বেশি সহানুভূতি জানিয়েছেন।

একই জরিপে দেখা যায়, ৫০ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে ৫৩ শতাংশ ইসরাইলিদের প্রতি বেশি সহানুভূতিশীল; ফিলিস্তিনিদের প্রতি এ মনোভাব পোষণ করেন মাত্র ৯ শতাংশ। অর্থাৎ, ইসরাইল নিয়ে মতভেদ শুধু মার্কিন রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, দেশটির ইহুদি জনগোষ্ঠীর বিভিন্ন প্রজন্মের মধ্যেও বাড়ছে।

সম্পর্ক কি আর আগের অবস্থায় ফিরবে?

যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের এই অবনতি সাময়িক, নাকি দীর্ঘস্থায়ী পরিবর্তনের সূচনা—তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। এক পক্ষ মনে করছে, ইসরাইলে নতুন সরকার ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি হতে পারে। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ নিয়ন্ত্রণ, ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় আগ্রহ এবং মার্কিন রাজনীতির দুই দলের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক ফিরিয়ে আনার উদ্যোগ নিলে পুরোনো ঘনিষ্ঠতা কিছুটা পুনরুদ্ধার সম্ভব।

অন্যদিকে, আরেক পক্ষের আশঙ্কা, মার্কিন জনমত ও রাজনৈতিক কাঠামোয় যে পরিবর্তন শুরু হয়েছে, তা সহজে থামবে না। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব এবং সামরিক সহায়তা কমানোর দাবি ভবিষ্যতে মার্কিন নীতিনির্ধারণে আরো বড় প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্ক এখন আর কেবল দুই সরকারের কূটনৈতিক সমঝোতার বিষয় নয়। গাজা ও ইরান যুদ্ধ, মার্কিন করদাতাদের অর্থের ব্যবহার, নির্বাচনী রাজনীতি এবং নতুন প্রজন্মের মনোভাব—সবকিছু মিলিয়ে এই সম্পর্কের ভিত্তিই প্রশ্নের মুখে পড়েছে। কয়েক দশকের দ্বিদলীয় সমর্থন হারিয়ে ইসরাইল এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির এক বিতর্কিত ইস্যুতে পরিণত হচ্ছে।

তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, পিউ রিসার্চ সেন্টার, গ্যালাপ, শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, আলজাজিরা ও টাইমস অব ইসরাইল

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...