ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ

ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
বিজিএমইএ

চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামী সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাবনা জমা দেবে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। শনিবার চলমান শ্রম পরিস্থিতি ও মজুরি বৃদ্ধি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের এক জরুরি মতবিনিময় সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান জানান, কারখানায় ভাঙচুর, রাস্তাঘাট অবরোধ ও অরাজক পরিস্থিতি চলতে থাকলে মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে সভায় অংশগ্রহণকারী প্রায় দেড় হাজার সদস্য প্রশ্ন তুলেছেন। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে মালিকপক্ষ আগামী ১৬ নভেম্বরের সভায় অংশ নেবে এবং এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনই তাদের প্রস্তাব জমা দেবে।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী এক-দুই দিনের মধ্যে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটবে। তবে এরপরেও যদি বিশৃঙ্খলা অব্যাহত থাকে, সেক্ষেত্রে মালিকপক্ষ পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

মজুরি বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং প্রথম দিনেই ঘোষণা করা হয়েছে কবে থেকে এই নতুন মজুরি কার্যকর হবে। তা সত্ত্বেও অরাজক পরিস্থিতি তৈরি করে আমাদের চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণা করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা করা হচ্ছে অথবা এর পেছনে অন্য কোনো অভিসন্ধি থাকতে পারে।

সুষ্ঠুভাবে মজুরি নির্ধারণের স্বার্থে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে সুস্থির মস্তিষ্কে কাজ করার পরিবেশ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিশৃঙ্খল পরিস্থিতির কারণে মালিকপক্ষ ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ যদি রাস্তায় ব্যস্ত থাকেন, তবে সঠিক প্রস্তাব তৈরি এবং তা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা কঠিন হয়ে পড়বে। এ সময় তিনি আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলে দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...