ইউক্রেনের সামরিক স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা স্টারশিল্ডে বিধিনিষেধ আরোপের বিষয়ে স্পেসএক্স সত্য বলছে না বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, ইউক্রেনের ড্রোনের গতি সীমিত করে দেওয়ার সিদ্ধান্তকে প্রযুক্তিগত সমস্যা হিসেবে ব্যাখ্যা করছে ইলন মাস্কের প্রতিষ্ঠান। তবে কিয়েভের ধারণা, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
একই সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ অথবা জোটের মতো নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তোলা হয়েছিল বলেও জানিয়েছেন জেলেনস্কি। কিয়েভের প্রেসিডেন্ট প্রাসাদে সংবাদমাধ্যমটির সাংবাদিকসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
ড্রোনের গতি ১৬১ কিলোমিটারে সীমিত
জেলেনস্কি জানান, ইউক্রেনের ড্রোনের ওপর গত পাঁচ দিন ধরে স্টারশিল্ডের বিধিনিষেধ কার্যকর রয়েছে। এর ফলে ঘণ্টায় ১৬১ কিলোমিটারের বেশি গতিতে চললে ড্রোনগুলোর স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
এতে রাশিয়ার জেট ইঞ্জিনচালিত শাহেদ ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে ইউক্রেনের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে রুশ-অধিকৃত এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে ইউক্রেনের মাঝারি পাল্লার ড্রোন হামলাও বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে স্পেসএক্সের সঙ্গে যোগাযোগ করেছে। পাশাপাশি পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র দপ্তরকেও বিষয়টি জানানো হয়েছে বলে উল্লেখ করেন জেলেনস্কি।
তার ভাষ্য অনুযায়ী, স্পেসএক্স জানিয়েছে, তারা কোনো বিধিনিষেধ আরোপ করেনি; সমস্যাটি প্রযুক্তিগত হতে পারে। তবে ইউক্রেনের পক্ষ থেকে এ ব্যাখ্যা বিশ্বাসযোগ্য মনে করা হচ্ছে না।
জেলেনস্কি বলেন, বিষয়টি বিচ্ছিন্ন কোনো ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিদিন বিভিন্ন এলাকায় পরীক্ষা চালিয়ে একই ধরনের সমস্যা পাওয়া যাচ্ছে। পুরো সম্মুখযুদ্ধের এলাকাজুড়েই এর প্রভাব পড়েছে।
রাজনৈতিক চাপ তৈরির সন্দেহ কিয়েভের
ইউক্রেনের ধারণা, স্যাটেলাইট সংযোগের গতি কমিয়ে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কৌশল থাকতে পারে। এর মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় জেলেনস্কিকে ছাড় দিতে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে সন্দেহ করছে কিয়েভ।
গত মাসেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। এবার নতুন করে বিধিনিষেধের অভিযোগ উঠল এমন এক সময়ে, যখন গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। ওই আলোচনায় যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে অগ্রগতি হলেও যুদ্ধ বন্ধের প্রশ্নে বড় কোনো সমাধান আসেনি।
রাশিয়ার পক্ষ থেকে পুরো পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার দাবি জানানো হচ্ছে। তবে ইউক্রেনের ভূখণ্ডের আরো কোনো অংশ রাশিয়ার হাতে তুলে দেওয়ার সম্ভাবনা সরাসরি নাকচ করেছেন জেলেনস্কি।
ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব
সাক্ষাৎকারে জেলেনস্কি আরো জানান, যুক্তরাষ্ট্রের আলোচক জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ তাকে প্রশ্ন করেছিলেন, ডনবাস ছেড়ে দেওয়ার বিনিময়ে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ অথবা ন্যাটোর মতো নিরাপত্তা নিশ্চয়তা গ্রহণ করতে রাজি কি না।
কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা। অন্যদিকে উইটকফ একজন আবাসন ব্যবসায়ী এবং ট্রাম্প প্রশাসনের আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে প্রস্তাবটির বিস্তারিত বিষয় স্পষ্ট ছিল না বলে জানান জেলেনস্কি। তার ধারণা, এতে ইউক্রেনের মাটিতে মার্কিন শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল না।
জেলেনস্কির মতে, যুদ্ধ বন্ধ করতে হলে প্রথমে যুদ্ধবিরতি চুক্তি প্রয়োজন। পাশাপাশি পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে কার্যকর ও বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। শুধু ভূখণ্ড ছাড়ার বিনিময়ে অস্পষ্ট কোনো প্রতিশ্রুতি দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে তার অবস্থান।
কস্তিয়ানতিনিভকায় ‘মানবিক মিশন’ নিয়ে পুতিনকে সন্দেহ
পূর্ব ইউক্রেনের কস্তিয়ানতিনিভকা শহরে মানবিক মিশন পরিচালনার জন্য পুতিনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। তার অভিযোগ, শহরটি থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরিয়ে সেখানে রুশ সেনাদের প্রবেশের সুযোগ তৈরি করাই মস্কোর উদ্দেশ্য।
রাশিয়া ওই শহরে পাঁচ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এর আগে রুশ-অধিকৃত ওলেশকি শহরে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য যে ধরনের সাময়িক বিরতি কার্যকর হয়েছিল, এবারও তেমন ব্যবস্থা চায় মস্কো।
তবে জেলেনস্কি বলেন, কস্তিয়ানতিনিভকা থেকে বেসামরিক নাগরিকেরা ইতিমধ্যে সরে গেছেন। সেখানে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। তার দাবি, শহরটি দখলে নেওয়ার পাশাপাশি স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্কের মতো গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় সামরিক অবস্থানগুলোর নিয়ন্ত্রণ নেওয়াও রাশিয়ার লক্ষ্য।
তিনি আরও জানান, দক্ষিণ ইউক্রেনের দিনিপ্রো নদীর তীরবর্তী রুশ-অধিকৃত কয়েকটি গ্রাম ও শহরে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুবিধার্থে ওলেশকির মতো যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু পুতিন তাতে রাজি হননি।
ন্যাটোর পুরোনো কাঠামোয় ফেরার দাবি নিয়ে উদ্বেগ
ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে রাশিয়ার আলোচনার উদ্যোগকেও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আলোচনায় তোলা হয়েছিল।
রাশিয়া চায়, ন্যাটোকে ১৯৯৭ সালের আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হোক। অর্থাৎ পূর্ব ইউরোপের যেসব দেশ, এমনকি বাল্টিক রাষ্ট্রগুলো পরবর্তী সময়ে জোটটিতে যোগ দিয়েছে, তাদের সদস্যপদ ও সামরিক উপস্থিতি নিয়ে আগের অবস্থায় ফিরে যেতে হবে।
২০২১ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর আগে পুতিন প্রথম এই দাবি তুলেছিলেন। প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের পর আবারও একই দাবি সামনে আসাকে সাম্রাজ্যবাদী মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে করেন জেলেনস্কি।
তিনি বলেন, ইউরোপের সীমানা পরিবর্তনের পুতিনের আকাঙ্ক্ষা বাস্তব বিষয়। তাই ইউরোপের নিরাপত্তাব্যবস্থাকে পুরোপুরি ওলটপালট করে দেওয়ার সুযোগ দেওয়া যায় না।
ইউরোপের সহায়তা ও শীতকালীন হামলার আশঙ্কা
জেলেনস্কি জানান, সম্প্রতি ডাবলিনে ইউরোপীয় নেতাদের সঙ্গে তার আলোচনায় কিছু বাস্তব অগ্রগতি হয়েছে। এর মধ্যে ডেনমার্কের পক্ষ থেকে এফ-১৬ যুদ্ধবিমানের জন্য গোলাবারুদ সরবরাহের প্রতিশ্রুতি রয়েছে। এসব যুদ্ধবিমান রাশিয়ার ড্রোন প্রতিহত করতে ব্যবহার করছে ইউক্রেন। এ ছাড়া কিয়েভসহ বিভিন্ন শহরের জ্বালানি অবকাঠামো সচল রাখতে সহায়তার আশ্বাসও পেয়েছে দেশটি।
ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, শীতকালকে সামনে রেখে রাশিয়া তাদের হামলা আরো জোরদার করছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিভিন্ন শহরে আক্রমণ বাড়িয়েছে মস্কো। বেসামরিক মানুষকে চাপে ফেলে আত্মসমর্পণে বাধ্য করাই এসব হামলার উদ্দেশ্য বলে অভিযোগ তার।
রাশিয়াকে হামলা কমাতে বাধ্য করতে মার্কিন কংগ্রেসের ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলেও মনে করেন জেলেনস্কি। এ ক্ষেত্রে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহের আইন পাসের মাধ্যমে ওয়াশিংটন চাপ সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে শনিবার রাতে জ্যারেড কুশনার জানান, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও ইউরোপের দেশগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ ও আলোচনা সহজ করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। চলতি সপ্তাহে ওয়াশিংটন, মস্কো ও কিয়েভের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

