দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১২৮ রানের বড় জয় পায় পাকিস্তান। জয়-পরাজয়ের উর্ধ্বে উঠেছে সালমান আগার রান আউট। মেহেদি হাসান মিরাজ তাকে বেশ ‘বিতর্কিতভাবে’ আউট করেছেন। সেই আউটের পর মিরাজের স্পোর্টসম্যানশিপ নিয়ে উঠেছে প্রশ্ন। পাকিস্তানের সালমান আগাও বিশ্বাস করেন বাংলাদেশ অধিনায়ক দেখাতে পারতেন স্পোর্টসম্যানশিপ। গত পরশু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এটা জানান তিনি।
গত পরশু দ্বিতীয় ওয়ানডেতে ৬২ বলে ৬৪ রান করে আউট হন সালমান আগা। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা অবস্থায় বেশ বিতর্কিতভাবে আউট হন। এ নিয়ে সালমান বলেন, ‘আমার মনে হয় এখানে স্পোর্টসম্যানশিপ স্পিরিটের একটা বিষয় আছে। সে (মিরাজ) যা করেছে, আইনের মধ্যে সেটা সঠিক। তবে সে আমাকে জিজ্ঞাসা করতে পারত আমার উদ্দেশ্য কী ছিল। আমরা এর আগে এমন কিছু করি নাই। ভবিষ্যতেও করব বলে মনে হয় না।’
পরে ঘটনা ব্যাখ্যা করে সালমান আগা বলেন, বল তার পায়ে এসে লেগে। এরপরে তার মনে হয়েছিল মিরাজ তাকে রানআউট করবে না। এ নিয়ে বলেন, ‘আমি শুধুমাত্র বল ফেরত দেওয়ার চেষ্টা করেছি। আমি রান নেওয়ার বা ওই রকম কোন চিন্তা করছিলাম না। কিন্তু এর আগেই সে এটা (রান আউট) করে ফেলেছে।’
স্পোর্টসম্যানশিপ দেখানোর কথা বললেও ঘটনার পর মেজাজ হারিয়ে বসেন সালমান আগা। প্রতিক্রিয়া দেখাতে গিয়ে হেলমেট, ব্যাট-গ্লাভস ছুঁড়ে ফেলেন মাঠে। আইনের মধ্যে হলেও কেন এমন প্রতিক্রিয়া দেখিয়েছে সালমান আগা। সেই প্রশ্নের জবাবে বলেন, ‘এটা সম্ভবত হিট অব দ্য মোমেন্টে হয়েছে।’
একই সময়ে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস তেড়ে যান সালমান আগার দিকে। এ নিয়ে সালমান বলেন, ‘মনে করতে পারছি না, ওই সময়ে কী হয়েছিল। তবে এটা নিশ্চিত ভালো কিছু বলে নাই। তবে এখন আমরা ওকে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

