বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে মরক্কো। তবে পরাজয়ের পরও নিজের দলের অগ্রযাত্রা নিয়ে গর্ব প্রকাশ করেছেন প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি। একই সঙ্গে ভবিষ্যতের জন্য বড় স্বপ্নও দেখিয়েছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়াহবি স্বীকার করেন, এদিন ফ্রান্সই ছিল ভালো দল। তিনি বলেন, “আমাদের এই পরাজয় মেনে নিতে হবে। ফ্রান্স আজ ভালো খেলেছে। বল দখল, আক্রমণ তৈরি এবং ম্যাচ নিয়ন্ত্রণ; সব দিক থেকেই তারা এগিয়ে ছিল।”
তবে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে হতাশ নন মরক্কো কোচ। তার মতে, পুরো টুর্নামেন্টজুড়েই দলটি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ওয়াহবি বলেন, “আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে। অবশ্যই আমাদের নিজেদের ভুলগুলো বিশ্লেষণ করতে হবে, কারণ উন্নতির সুযোগ সবসময়ই থাকে।”
২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের পর টানা দ্বিতীয় বিশ্বকাপেও ফ্রান্সের কাছে বিদায় নিতে হয়েছে মরক্কোকে। তবু ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই কোচ। তার ভাষায়, “আমাদের সামনে বড় লক্ষ্য রয়েছে। ২০৩০ সালে আমরা বিশ্বকাপের আয়োজকদের একজন। সেই টুর্নামেন্টে আরও শক্তিশালী দল গড়ে তুলতে চাই এবং আরও অনেক দূর যেতে চাই।”
এমনকি ম্যাচ শেষে ফরাসি গণমাধ্যমে দেওয়া আরেক সাক্ষাৎকারে ওয়াহবি দৃঢ় কণ্ঠে বলেন, “চার বছর পর আমরা ফ্রান্সকে হারাব। ২০৩০ বিশ্বকাপে তাদের বিদায় করার লক্ষ্য নিয়েই আমরা কাজ শুরু করব।”
ফ্রান্স বিশ্বকাপ জিতবে কি না—এমন প্রশ্নের জবাবে অবশ্য কোনো ভবিষ্যদ্বাণী করতে চাননি মরক্কো কোচ। তিনি বলেন, “তাদের খুব শক্তিশালী দল আছে। তবে বিশ্বকাপে কী হবে, সেটা সময়ই বলে দেবে।”
বিশ্বকাপ থেকে বিদায় নিলেও মরক্কোর এবারের অভিযান নিয়ে সন্তুষ্ট ওয়াহবি। তার বিশ্বাস, এই অভিজ্ঞতাই আগামী চার বছরে দলকে আরও পরিণত করে তুলবে এবং ২০৩০ বিশ্বকাপে নিজেদের মাটিতে নতুন ইতিহাস গড়ার ভিত্তি তৈরি করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

