আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চ্যাম্পিয়নস লিগ

‘ডেথ হাফে’ ছয় চ্যাম্পিয়নের মহারণ

স্পোর্টস ডেস্ক

‘ডেথ হাফে’ ছয় চ্যাম্পিয়নের মহারণ

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় অপেক্ষা করছে শ্বাসরুদ্ধকর লড়াই। রোমাঞ্চকর সে মাঠের যুদ্ধটা হবে একটা অর্ধে, যেখানে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে পিএসজি, চেলসি, গালাতাসারাই, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, আতালান্তা এবং বায়ার্ন মিউনিখ। এই আট দলের মধ্যে চ্যাম্পিয়নস লিগের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছে ছয়টি দল। তারা শিরোপা জিতেছে সব মিলিয়ে ৩১টি। বাকি দুদল এখনো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পারেনি।

বিজ্ঞাপন

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর টুর্নামেন্টের ট্রফি পিএসজি এক, চেলসি দুই, লিভারপুল ছয়, ম্যানচেস্টার সিটি এক, রিয়াল মাদ্রিদ ১৫ এবং বায়ার্ন মিউনিখ ছয়টি নিজেদের শোকেসে সাজিয়ে রেখেছে। ব্যাপারটি এখানেই শেষ নয়; গত ১০ বছরে চ্যাম্পিয়ন হওয়া সব দলই খেলবে এই অর্ধে। কিন্তু এই আট দল থেকে ফাইনালে উঠবে মাত্র একটি ক্লাব। বাকিদের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল থেকেই নিতে হবে বিদায়। সব মিলিয়ে এটাকে বলা হচ্ছে ‘ডেথ হাফ’।

নকআউট পর্বের অন্য অর্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে নিউক্যাসল ইউনাইটেড, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, টটেনহ্যাম হটস্পার, বোদো/গ্লিমট, স্পোর্টিং লিসবন, বায়ার লেভারকুসেন এবং আর্সেনাল। এই আট ক্লাবের মধ্যে চ্যাম্পিয়নস লিগে শিরোপা মাথার ওপর উঁচিয়ে ধরতে পেরেছে মাত্র একটি দল। ক্লাবটি হলো বার্সেলোনা। পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে কাতালান জায়ান্ট ক্লাবটি। এই অর্ধ থেকে শিরোপা নির্ধারণী ম্যাচে জয়গা করে নেবে মাত্র একটি ক্লাব। ক্লাবগুলোর শক্তিমত্তা ও অভিজ্ঞতা বিচারে এ অর্ধটা অনেকাংশে সহজ। টুর্নামেন্টটির নাম যেহেতু চ্যাম্পিয়নস লিগ, সেদিক থেকে দেখতে গেলে সব ম্যাচই কঠিন। অঘটন ঘটতে পারে যেকোনো সময়। সে অঘটনের শিকার হতে পারে বার্সাও।

রিয়াল-সিটির অর্ধে লড়াইটা হবে কঠিন। কেননা, ফাইনালের আগেই বাদ পড়বে শিরোপাজয়ী পাঁচটি দল। এ অংশটা বেশ কঠিন- সিটি কোচ পেপ গার্দিওলা অবশ্য এটা মানতে নারাজ, ‘এটা বলা খুবই অসম্মানজনক হবে। উদাহরণ হিসেবে (অন্য অংশে) নিউক্যাসল, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা টটেনহ্যামের কথা বলা যায়। চ্যাম্পিয়নস লিগ খুবই কঠিন।’

গার্দিওলা বলছেন, খেলা কঠিন সব দলের বিপক্ষেই, ‘আমি বলছি না, রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা কঠিন নয়। সবাই তা জানে। তবে যেকোনো দলের বিপক্ষেই লড়াই কঠিন। প্রতিটি দলেরই নিজস্ব শক্তির জায়গা আছে। এ প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে সেরা দলগুলোকে হারাতে হবে। অন্যথায় আপনার যোগ্যতা নেই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন