আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিসিএল চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

স্পোর্টস রিপোর্টার

বিসিএল চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

বিসিএলের শুরু থেকে দূর্দান্তভাবে এগোচ্ছিল উত্তরাঞ্চল। দারুণ শুরুর ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ফাইনাল অব্দি। লিগপর্বের শেষ ম্যাচে মধ্যাঞ্চলের কাছে হারা উত্তরাঞ্চল ফাইনালেও হেরেছে একই প্রতিপক্ষের বিপক্ষে। ৪৯.৩ ওভারে ২৩৮ রানে অলআউট হয় উত্তরাঞ্চল। জবাবে, ৭২ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মধ্যাঞ্চল।

আগে ব্যাট করতে নেমে তাওহিদ হৃদয়ের ৯৬ রানে ভর করে ২৩৮ রানে থামে উত্তরাঞ্চলের ইনিংস। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে আসে ৩৫ রান। এছাড়া মেহেরব হাসান ২৮ রান করেন। মধ্যাঞ্চলের হয়ে ৪১ রানে ৪ উইকেট শিকার করেছেন রিপন মন্ডল।

২৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় মধ্যাঞ্চল। পরে সেখান থেকে দলকে টেনে তোলেন নাঈম শেখ ও সাইফ হাসান। দ্বিতীয় উইকেট জুটিতে ১৬৪ রান যোগ করেন তারা দুজনে। এই জুটিতেই মূলত নিশ্চিত হয় মধ্যাঞ্চলের জয়। নাঈম শেখ ৮৭ বলে ৭৮ রান করে ফিরলে ভাঙে এই জুটি। তার ইনিংসে ছিল ৫ চার ও ৩ ছক্কা।

সাইফ হাসান ৭৮ বলে ৮৭ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৭ চার ও ৩ ছক্কা। তাদের বিদায়ের পর টানা দুই উইকেট হারিয়ে খানিকটা বিপদে পড়ে মধ্যাঞ্চল। তবে শেষ পর্যন্ত হয়নি আর কোন বিপদ। মাহফিজুল ইসলাম রবিন ২৪ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন। ইরফান শুক্কুর ১৩ বলে ১৪ রান করেন তিনি।

উত্তরাঞ্চলের হয়ে রিশাদ হোসেন ৪৯ রানে নেন দুই উইকেট। নাহিদ রানা ৬১ রানে শিকার করেন দুই উইকেট। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিসিএল ওয়ানডে চ্যাম্পিয়ন হলো মধ্যাঞ্চল।

সংক্ষিপ্ত স্কোর

উত্তরাঞ্চল: ২৩৮/১০, ৪৯.৩ ওভার (হৃদয় ৯৬, শান্ত ৩৫, রিপন ৪/৪১)।
মধ্যাঞ্চল: ২৩৯/৫, ৩৮ ওভার (সাইফ ৮৭, নাঈম ৭৮, রিশাদ ২/৪৯)।
ফল: মধ্যাঞ্চল ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সাইফ হাসান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...