নেদারল্যান্ডস-মরক্কো রোমাঞ্চের অপেক্ষা

স্পোর্টস রিপোর্টার

নেদারল্যান্ডস-মরক্কো রোমাঞ্চের অপেক্ষা

নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যে বিশ্বকাপের শেষ বত্রিশের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। ‘এফ’ গ্রুপে সাত পয়েন্ট অর্জন করে সেরা দল হয়ে নকআউট পর্বে উঠেছে ডাচরা। আর ‘সি’ গ্রুপে সাত পয়েন্ট অর্জন করলেও রানার্সআপ হয়ে শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করে মরক্কো। গ্রুপ পর্বে দুদলের কেউই হারেনি। সমান দুটি করে জয় ও একটি করে ম্যাচে ড্র করেছে তারা। তাই অপ্রতিরোধ্য থাকা, দুর্দান্ত পারফরম্যান্স আর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দল দুটির মধ্যে নকআউট পর্বে উত্তাপ-উত্তেজনায় ঠাসা রোমাঞ্চ দেখা যেতে পারে। এ ম্যাচের অপেক্ষায় ফুটবল দুনিয়া।
বিশ্বকাপে তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস। এবার জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু হয়েছে তাদের। তবে পরবর্তী দুই ম্যাচের জয়ে ডাচরা জানান দিয়েছে এবার বহুদূর যাবে তারা। সুইডেন আর তিউনিশয়ার বিপক্ষে তাদের গতিময় ও অ্যাটাকিং ফুটবল এমন কিছুর বার্তাই দিচ্ছে। যে ছন্দে রয়েছে দলটি, সেটি ধরে রাখতে পারলে শিরোপা জয়ের পথে এগিয়ে যাওয়া অসম্ভব কিছু নয়। মরক্কোর বিপক্ষে ম্যাচে সবকিছু উজাড় করে দিয়েই খেলবে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। এ ম্যাচটি কোডি গাকপোর জন্য বিশেষ কিছু। বিশ্বকাপের মাঝেই গর্ভাবস্থায় পুত্রসন্তান মারা যাওয়ার খবর পেয়েও দলের সঙ্গে আছেন এই ডাচ ফরোয়ার্ড। বুকে শোকের পাহাড় ছাপা দিয়েই দেশের জন্য লড়বেন গাকপো। নিশ্চয়ই এই তারকা ফুটবলারের মুখে হাসি ফোটাতে সতীর্থরাও সর্বোচ্চটা উজাড় করে দেবেন। তবে কুঁচকির চোটে পড়ে বিশ্বকাপে খেলা হচ্ছে না ডাচ ডিফেন্ডার জুরিয়ান টিম্বারের।
এদিকে গত বিশ্বকাপে দুর্দান্ত খেলা মরক্কো এবারও যেন আরো অপ্রতিরোধ্য ও গতিময় দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ড্র করলেও মাঠের ফুটবল সৌন্দর্যে হৃদয় জিতেছে মরোক্কানরা। এরপর হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নেয় তারা। নেদারল্যান্ডস ম্যাচেও দলটি আরো সুন্দর ফুটবলের পসরা সাজাবেÑএমনটাই প্রত্যাশা। তাদের আটকানো যে খুবই কঠিন কাজ হবে ডাচদের জন্য, সেটি বলার অপেক্ষা রাখে না। মরক্কোর হয়ে ইতিহাস লিখছেন স্ট্রাইকার ইসমাইল সাইবারি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই প্রথম আফ্রিকান হিসেবে গোল পেয়েছেন এ ফুটবলার। নকআউট পর্বেও নেদারল্যান্ডসের জন্য সাইবারি বড় আতঙ্কের নাম হতে যাচ্ছেন।
এ পর্যন্ত সব মিলে তিনটি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও মরক্কো। ১৯৯৪ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম পরস্পরের মুখোমুখি হয়েছিল দুদল। ওই ম্যাচটি ২-১ গোলে জিতেছিল ডাচরা। এরপর দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে তারা। সেখানে একটি করে ম্যাচ জিতেছে দুদলই। প্রীতি ম্যাচের হিসাব বাইরে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩২ বছর আগের বিশ্বকাপে হারের প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ মরক্কোর সামনে। মরক্কোর জয়, নাকি নেদারল্যান্ডসের এগিয়ে যাওয়া-সেটি দেখার অপেক্ষা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...