‘জিতলেই নকআউট’ সমীকরণে মুখোমুখি নিউজিল্যান্ড-বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক

‘জিতলেই নকআউট’ সমীকরণে মুখোমুখি নিউজিল্যান্ড-বেলজিয়াম

বিশ্বকাপ লড়াই জমে উঠেছে বেশ ভালোভাবেই। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য প্রতিটি গ্রুপেই জমজমাট লড়াই হচ্ছে। তাতে শামিল হয়েছে ‘জি’ গ্রুপও। এই গ্রুপ থেকে নকআউট নিশ্চিতের লড়াইয়ে আগামীকাল সকাল ৯টায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও বেলজিয়াম। দুদলের সামনেই সমীকরণ পরিষ্কার—জিতলেই নকআউট পর্বে ওঠার পথ নিশ্চিত। তবে ড্র করলে বিশেষ করে বেলজিয়ামের জন্য পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে।

বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি বেলজিয়াম। প্রথম ম্যাচে গ্রুপের অন্যতম শক্তিশালী দল মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করে রুদি গার্সিয়ার দল। সে ম্যাচে বদলি হিসেবে নেমে রোমেলু লুকাকুর গোলে ঘুরে দাঁড়িয়েছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে গোলশূন্য ড্র করায় শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই ‘রেড ডেভিলস’দের সামনে।

বিজ্ঞাপন

অন্য ম্যাচে মিসর যদি ইরানকে হারায়, তাহলে বেলজিয়াম গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারাবে। তবে রানার্সআপ হলেও পরের রাউন্ডে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও আপাতত বেলজিয়ামের পুরো মনোযোগ তিন পয়েন্ট অর্জনের দিকেই।

অন্যদিকে নিউজিল্যান্ডও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। বিশ্বকাপের ইতিহাসে কখনো নকআউট পর্বে উঠতে না পারা অল হোয়াইটসরা এখনো টিকে আছে লড়াইয়ে। প্রথম ম্যাচে ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও দুবার এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয় ম্যাচে মিসরের বিপক্ষেও শুরুতে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে ৩-১ ব্যবধানে হেরে যায় ড্যারেন বাজলির দল। ফলে শেষ ম্যাচে জয় ছাড়া আর কোনো পথ নেই তাদের সামনে।

ফর্ম অবশ্য নিউজিল্যান্ডের পক্ষে কথা বলছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৩ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। এছাড়া ২০২৫ সালের জুনের পর থেকে কোনো ম্যাচে ক্লিন শিটও রাখতে পারেনি দলটি। দলীয় খবরে নিজের প্রথম সন্তানের জন্ম উপলক্ষে লন্ডনে থাকা জেরেমি ডোকু বেলজিয়াম শিবিরে ফিরছেন। তবে তিনি শুরুর একাদশে থাকবেন কি না, তা নিশ্চিত নয়। নিষিদ্ধ নাথান এনগয়ের জায়গায় রক্ষণে দেখা যেতে পারে আর্থার থিয়েটকে।

নিউজিল্যান্ড কোচ বাজলি আগের ম্যাচের একাদশই ধরে রাখতে পারেন। গোল না পেলেও ফরোয়ার্ড ক্রিস উড ইরানের বিপক্ষে দলের দুই গোলেই অ্যাসিস্ট করেছিলেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হতে যাওয়া দুদলের লড়াইয়ে তাই উত্তেজনার কমতি থাকার সুযোগ নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন