আগামী ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের আসর। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। তাদের ঘোষিত দলে জায়গা পেয়েছেন সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। দলে প্রথমবারের মতো ডাক পেলেন অনূর্ধ্ব-১৯ সাফ মাতানো আলপি আক্তার। দলে আরেক নতুন মুখ হলেন সৌরভী আফরিন। এছাড়া জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ দুই ফুটবলার আইরিন খাতুন ও সৌরভী আকন্দও।
এশিয়ান কাপের প্রাথমিক দলেও ছিলেন প্রবাসী আনিকা। এবার দেশের নারী ফুটবল ইতিহাসে দ্বিতীয় প্রবাসী খেলোয়াড় হিসেবে বাংলাদেশের মূল দলেও জায়গা করে নিলেন এই ২০ বছর বয়সি ফুটবলার। বাংলাদেশ দলে প্রথম প্রবাসী নারী ফুটবলার হলেন জাপানে জন্ম নেওয়া মাতসুশিমা সুমাইয়া। সুইডেনে বেড়ে ওঠা আনিকা দেশটির ক্লাব ব্রোমাপোইকার্নার অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। সম্প্রতি সুইডিশ কাপে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয়েছে তার। ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবলে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে কাজে লাগানোর অপেক্ষায় আনিকা।
১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের ২১তম আসর। পাঁচটি ভেন্যুতে হবে টুর্নামেন্টের খেলা। তিন গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে খেলছে ১২টি দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। ৩ মার্চ প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ মার্চ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ তিনবারের সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে। ৯ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্ব থেকে ৮টি দল কোয়ার্টার ফাইনাল খেলবে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলে ৬টি দল এবং তিন গ্রুপের মধ্য থেকে তৃতীয় সেরা হওয়া ২টি দল নকআউট পর্বে উঠবে। এশিয়ান কাপের শেষ আটে খেলতে পারলে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ অলিম্পিকে খেলার সুযোগ মিলতে পারে।
বাংলাদেশের এশিয়ান কাপ দল
গোলরক্ষক : রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী। ডিফেন্ডার : আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন। মিডফিল্ডার : স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, উমহেলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন। ফরোয়ার্ড : আলপি আক্তার, সৌরভী আকন্দ, মোসাম্মৎ সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মৎ সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র। স্ট্যান্ডবাই : অর্পিতা বিশ্বাস, সিনহা জাহান, শান্তি মার্ডি, তনিমা বিশ্বাস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

