ভারতের কাছে নারী দলের হার

স্পোর্টস রিপোর্টার

ভারতের কাছে নারী দলের হার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ জমিয়ে তুলতে পারেনি বাংলাদেশ। সহজেই ম্যাচ জিতে নিল ভারত। ভারতের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ নারী দল। ৮ উইকেটে ১৩৬ রান করেছিল তারা। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৯ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারতের মেয়েরা। এ নিয়ে চার ম্যাচ খেলে তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল তারা। তাদের অর্জন ৬ পয়েন্ট। অন্যদিকে, ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে বাংলাদেশ। আগামী ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা।
আগের ম্যাচে পাকিস্তানকে হারানোর ছন্দ ভারতের বিপক্ষে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে জুয়ারিয়া (৩৩) ও নিগারের (৩২) ত্রিশোর্ধ্ব রানের ইনিংসের সুবাদে লড়াকু স্কোর পায় তারা। এই দুজন ছাড়া অন্য ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। ভারতীয় স্পিনেই ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। ভারতের পক্ষে স্পিনার রাধা যাদব সর্বোচ্চ তিন উইকেট পান। শ্রী চারানি দুই উইকেট নেন। জয়ের জন্য ১৩৭ রানের টার্গেট ব্যাট করতে নেমে ৩১ রানের সূচনা পায় ভারত। রিতু, রাবেয়া ও নাহিদা ভারতের ব্যাটিং চেপে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হয়নি তারা। শেফালি ভর্মার ফিফটিতে (৫৩) সহজ জয়ের পথে এগিয়ে যায় ভারত।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১৩৬/৮ (জুয়ারিয়া ৩৩, নিগার ৩২, স্বর্ণা ১৩; রাধা ৩/২৮, চারানি ২/২১, রানুকা ১/২১)।
ভারত নারী দল: ১৬.৫ ওভারে ১৩৯/৫ (শেফালি ৫৩, জেমিমা ২৬, ইয়াসতিকা ২৩; রিতু ২/২৯,রাবেয়া ১/১৯, নাহিদা ১/২৪)।
ফল: ৫ উইকেটে জয়ী ভারত নারী দল।
ম্যাচসেরা: শেফালি ভর্মা (ভারত)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন