ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের লড়াই ফিনালিসিমা ঘিরে ফুটবল বিশ্বে বাড়ছিল আগ্রহ। কারণ এই ম্যাচেই মুখোমুখি হওয়ার কথা দুই প্রজন্মের তারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে ম্যাচটির ভেন্যু নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
আগামী ২৭ মার্চ কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু ইরান- যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে পুরো অঞ্চলে। নিরাপত্তা পরিস্থিতির কারণে টুর্নামেন্ট ও ম্যাচ আয়োজন সাময়িকভাবে স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে দোহায় ফিনালিসিমা আয়োজনের সম্ভাবনা অনেকটাই কমে গেছে।
এই পরিস্থিতিতে ম্যাচটি ইউরোপে সরিয়ে নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন রাফায়েল লৌজন। তার মতে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তিনি বলেন, ইতোমধ্যে এই ম্যাচ উপলক্ষে নির্ধারিত দুটি চার্টার ফ্লাইট বাতিল করা হয়েছে। বেশিরভাগ খেলোয়াড় ইউরোপে থাকায় ম্যাচটি সেখানেই আয়োজন করা যুক্তিযুক্ত হতে পারে।
এই বিষয়ে নজর রাখছে কনমেবল ও উয়েফা। কারণ ফিনালিসিমা আয়োজনের সঙ্গে একাধিক ম্যাচ ও বাণিজ্যিক চুক্তিও যুক্ত রয়েছে। পরিকল্পনা অনুযায়ী একই প্যাকেজের অংশ হিসেবে স্পেন–আর্জেন্টিনার ম্যাচ ছাড়াও আরও কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ দোহায় আয়োজনের কথা ছিল। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে এখন পুরো সূচিই অনিশ্চয়তার মুখে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

